৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১:০৩ এএম BDST banglanew24
07 Oct 2012   08:08:55 PM   Sunday BdST
E-mail this

দুদকে আটাবের অভিযোগ

টিকিটে ১৫ হাজার টাকা পর্যন্ত বেশি নিচ্ছে সৌদি এয়ারলাইন্স


আদিত্য আরাফাত, সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
টিকিটে ১৫ হাজার টাকা পর্যন্ত বেশি নিচ্ছে সৌদি এয়ারলাইন্স দুদকে আটাবের অভিযোগ

ঢাকা: সৌদি এয়ারলাইন্সের বিরুদ্ধে হজ টিকিট নিয়ে সিন্ডিকেট এবং বাড়তি ভাড়া আদায়ের গুরুতর অভিযোগ এনেছে ট্রাভেল এজেন্সিগুলোর সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ’(আটাব)।

গত বৃহস্পতিবার বিষয়টি অধিকতর তদন্তের জন্য দুনীতি দমন কমিশনে (দুদক) চিঠি দিয়েছে সংগঠনটি। চলতি মাসে এ অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান শুরু হবে বলে দুদক সূত্র জানায়।

অভিযোগে উল্লেখ রয়েছে, এবারের হজ যাত্রীদের কাছ থেকে সৌদি এয়ারলাইন্স প্রতি টিকিটে ৫ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত বেশি নিচ্ছে।  

আটাবের প্যাডে এর সভাপতি এম এ মোহায়মিন সালেহ স্বাক্ষরিত চিঠিটি দুদকের প্রাপ্তি শাখা গত বৃহস্পতিবার গ্রহণ করে। একই চিঠির অনুলিপি প্রধারমন্ত্রীর মুখ্যসচিব, স্বরাষ্ট্র, বেসামরিক বিমান, ধর্ম ও পররাষ্ট্র সচিব, সৌদি রাষ্ট্রদূতসহ জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে সৌদি এয়ারলাইন্সের টিকিট বরাদ্দে অনিয়ম, এর সর্বোচ্চ টিকিট পাওয়া (৭৮৬০ টি) সুরেশ্বর ট্রাভেলসহ অন্যান্য এজেন্সি এবং সৌদিয়ার অফিসের কর্মকর্তা-কর্মচারিদের যোগসাজসে টিকিট বেশি মূল্যে বিক্রির সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ তদন্ত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আটাবের অভিযোগ সম্বলিত চিঠির সাথে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত খবরের কাটিং সংযুক্ত করা হয়েছে। পত্রিকার খবর উদ্ধৃত করে এতে সৌদি এয়ারের প্রতি টিকিটে বাড়তি ৫ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত বেশি নেয়া এবং এই সিন্ডিকেট সৌদি এয়ার অফিসের কর্মকর্তাদের যোগসাজসে গড়ে উঠা, সৌদি এয়ারের ৪০ হাজার টিকেটের বেশৗর ভাগ টিকিটই ৫টি এজেন্সিকে একতরফাভাবে দিয়ে দেয়ার বিষয় উল্লেখ করা হয়। এছাড়া বেসামরিক বিমান মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্সের প্রধান যুগ্ম সচিব জয়নুল আবেদীন তার তদন্তে সৌদি এয়ারের টিকিট বাড়তি মূল্যে বিক্রির সত্যতা পেয়েছেন মর্মে ও চিঠিতে উল্লেখ করা হয়।

এই টিকিট সিন্ডিকেটের কারণে ট্রাভেল এজেন্ট কমিউনিটি ও দেশের ভাবমুর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং হজযাত্রীদের পক্ষে বাড়তি টাকা পরিশোধ করা কষ্টসাধ্য হচ্ছে বলে উল্লেখ করে করা হয়। চিঠিতে বিষয়টি দ্রুত তদন্ত করে হজযাত্রী ট্রাভেল এজেন্সিগুলোর কাছ থেকে বেশি টাকা আদায়কারী ট্রাভেল এজেন্টএবং সৌদি এয়ারলাইন্স অফিসের যাদের যোগসাজসে এ কাজটি হচ্ছে সেসব কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার জন্য দুদক চেয়ারম্যানের প্রতি অনুরোধ জানানো হয়।

দুদুকে এই চিঠি পাঠানোর কথা স্বীকার করে আটাব সভাপতি এম এ মোহাইমিন সালেহ বলেন, “সৌদি এয়ারের টিকিট সিন্ডিকেট গড়ে উঠার বিষয়টি অনেকটাই পরিস্কার। কিন্তু টিকিট বাতিল ও ব্যবসায়িক ক্ষতির আশংকায় কেউই লিখিত অভিযোগ করতে পারছে না।”

দুদুকে পাঠানো চিঠিতে উল্লেখিত সুরেশ্বর ট্রাভেলস (সৌদি এয়ারলাইন্সের মনোনীত এজেন্টে) এর স্বত্বাধিকারী মাহবুবুর রহমানকে দুদুকে আটাবের পাঠানো অভিযোগের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি ৫ থেকে ১৫ হাজার টাকা বাড়তি নেয়ার কথা অস্বীকার করেন। তবে সার্ভিস চার্জ হিসেবে ১০০০ টাকা প্রতি টিকিটে নেয়ার কথা স্বীকার করে তিনি বলেন, “এটা না নিলে আমরা চলবো কিভাবে।”

তবে দুদকে অভিযোগ পাঠানো আটাবের গঠনতন্ত্র বিরোধী বলে মন্তব্য করেন সুরেশ্বর ট্রাভেলস এর স্বত্ত্বাধিকারী।  

টিকিটি সিন্ডিকেট ও এ ব্যাপারে দুদকে আটাবের অভিযোগের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে হাবের সিনিয়র সহসভাপতি গোলাম ফারুক বলেন, “অভিযোগ শতভাগ সত্য। এবার সৌদি এয়ারের টিকিট ৫ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত বেশি নেয়া হচ্ছে। আমার এক গ্রুপ লিডার আমাকে জানিয়েছেন সৌদি এয়ারের শীর্ষ ৫টি এজেন্সির একটি এজেন্সি তার কাছে প্রতি টিকিটে ৭ হাজার টাকা করে বেশি দাবি করেছে। সৌদি এয়ারলাইন্স অফিসের লোকজন এই সিন্ডিকেটের সাথে জড়িত বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। না হয়, কিভাবে বাড়তি টাকা এজেন্সিগুলো নিতে পারে।”

তিনি মনে করেন, এতে সরকারেরও ভাবম‍ূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

হাবের মহাসচিব এম এ রশীদ শাহ সম্রাট এ ব্যাপারে বলেন, “হাবের ইসি মিটিং কমিটির দুইজন কর্মকর্তা জানিয়েছেন, সৌদি এয়ারের টিকিটে তাদের কাছে ১৭ হাজার টাকা পর্যন্ত বেশি চেয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই। এর সাথে সৌদি এয়ার অফিসসহ ট্রাভেল এজেন্সির যারাই জড়িত থাকুক তদন্ত করে তা বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”

প্রসঙ্গত, এবার বাংলাদেশি ১ লাখ ১৩ হাজার হজযাত্রীর মধ্যে ৪০ হাজার হজযাত্রী পরিবহন করছে সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স। বাংলাদেশ বিমান ৫৬ হাজার এবং নাস এয়ার এয়ার ১৬ হাজার হজযাত্রী পরিবহন করছে। মাত্র তিনটি বিমান সংস্থাকে হজযাত্রী পরিবহনের দায়িত্ব দেয়ায় শুরু থেকেই টিকিট সংকট চলছে। অন্যদিকে এবার সৌদি এয়ারলাইন্স অফিস ৫টি এজেন্সিকে তাদের অধিকাংশ টিকিট  বিক্রির দায়িত্ব দিয়ে দেয়। পরে আরে কিছু এজেন্সিকে কিছু কিছু টিকিট বিক্রির দায়িত্ব দেয়া হয়। আর এবার সেবার মানের দিক থেকে শীর্ষে থাকা এবং যাত্রীদের পছন্দের তালিকায় প্রথমে থাকা এই বিমানের বিরুদ্ধেই অনিয়মের অভিযোগ উঠেছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১২
এডিএ/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান