ঢাকা: অস্ট্রেলিয়ার সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ লাখ ডলারসহ বাংলাদেশি বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ। পরে অবশ্য বাবা জামিনে ছাড়া পেয়েছেন।
বুধবার স্থানীয় সময় সকাল সোয়া ১০টায় তাদের আটক করা হয়। বৃহস্পতিবার তাদের প্যারামাট্টা স্থানীয় আদালতে নেওয়া হয়। দি অস্ট্রেলিয়ানে সংবাদপত্রের অনলাইনে এ খবর দেওয়া হয়েছে।
বাবা মোহাম্মদ নুরুল ইসলাম (৫৬) ও তার ছেলে প্রবাল ইসলামের (২৫) তথ্য অনুযায়ী অ্যান্ড্রু আলম্যাডা (২৭) ও চেউক ফাই চ্যান (৫৬) নামের আরও দুইজনকে আটক করা হয়। প্রবাল ছাড়া বাকি তিনজন জামিন পেয়েছেন। আগামী ৮ আগস্ট প্রবালের জামিনের আবেদন করা হবে।
তাদের কাছ থেকে ডলার ও প্রচুর পরিমাণ ‘স্টেরয়েড’ ওষুধ উদ্ধার করা হয়েছে।
সংবাদ মাধ্যমে বলা হয়, নুরুল ইসলাম ও তার ছেলে প্রবাল ইসলাম ঢাকার উদ্দেশে সিডনি আন্তর্জাতিক থেকে প্লেনে উঠছিলেন। এসময় শুল্ক ও সীমান্ত সুরক্ষা বাহিনী তল্লাশি করলে তাদের কাছে ১০ লাখ ডলার পাওয়া যায়।
নিষিদ্ধ দ্রব্য বহন এবং অতিরিক্ত নগদ অর্থ বহনের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। আগামী ২৯ আগস্ট বারউড স্থানীয় আদালতে তাদের শুনানি হবে।
বাংলাদেশ সময়: ০৪২৬ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১২
সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর