ঢাকা: ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ২০১২-২০১৪ মেয়াদে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে ২১ অক্টোবর।
সোমবার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সংসদ সদস্য প্রফেসর মো. আলী আশরাফ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এ সময় নির্বাচন বোর্ডের সদস্য শাহেদুল ইসলাম হেলাল ও আবু বকর সিদ্দিক দীলিপ উপস্থিত ছিলেন।
তফসিল অনুযায়ী আগামী ২১ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রাথমিক ভোটার তালিকা ৩০ আগস্ট, চূড়ান্ত ভোটার তালিকা ১০ সেপ্টেম্বর প্রকাশ করা হবে।
পরিচালক পদে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। ২১ অক্টোবর পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠানের পর ২৩ অক্টোবর সভাপতি, প্রথম সহ-সভাপতি ও সহ-সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৫ অক্টোবর ২০১২ নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।
এছাড়া সংগঠনের চাঁদা পরিশোধের শেষ তারিখ ২৩ আগস্ট, সাধারণ পরিষদ সদস্য মনোনয়ন গ্রহণের শেষ তারিখ ২৫ আগস্ট।
নির্বাচনী তফসিল এফবিসিসিআই সদস্যদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে। তাছাড়া এফবিসিসিআই নোটিশ এবং এফবিসিসিআই ওয়েবসাইট (www.fbcci-bd.org) পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, আগস্ট ০২, ২০১২
টিএইচ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর