 |
বাগেরহাট: বঙ্গোপসাগরের উপকূলবর্তী পূর্ব সুন্দরবনের বাগেরহাট শরণখোলা রেঞ্জের ভেদাখালীর খাল থেকে শুক্রবার ভোরে ১২ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ৩টি মাছধরা ট্রলারসহ ৪০ জেলেকে অপহরণ করেছে দস্যুরা।
অপহৃত জেলেদের নাম-পরিচয় জানা যায়নি। তবে ট্রলার ৩টির মধ্যে ২টি ট্রলারের মালিকের পরিচয় জানা গেছে।
তারা হলেন-বাগেরহাটের কচুয়া উপজেলার বয়ারশিংয়া গ্রামের ছাত্তার মল্লিক ও একই উপজেলার বগা গ্রামের আবুল বাওয়ালী।
ট্রলার প্রতি ৪ লাখ টাকা করে মোট ১২ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত জেলেদের সুন্দরবনের মধ্যে আটকে রেখেছে বলে উপকূলীয় মৎস্যজীবী সমবায় সমিতির নেতারা ও অপহৃত জেলে পরিবার সূত্রে জানা গেছে।
বাগেরহাট উপকূলীয় মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক শেখ ইদ্রিস আলী বাংলানিউজকে জানান, শুক্রবার ভোরে মুর্তজা বাহিনীর সশস্ত্র দস্যুরা ভেদাখালী খালে ইলিশ বোঝাই ৩টি ট্রলারে হানা দেয়। এ সময় দস্যুরা অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলার ৩টিসহ ৪০ জেলেকে অপহরণ করে সুন্দরবনের ভেতরে নিয়ে যায়।
৩টি ট্রলারে প্রায় ৬ লাখ টাকার ইলিশ ছিল বলেও তিনি জানান।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মিহির কুমার দে বাংলানিউজকে জানান, খবর পেয়ে এব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী ও শিমুল সুলতানা, নিউজরুম এডিটর