নরসিংদী : নরসিংদীর শিবপুর উপজেলায় এলোপাতাড়ি ছুড়িকাঘাত করে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে মাসুম মৃধা ওরফে ডিস মাসুম নামে এক যুবলীগকর্মীকে হত্যা করেছে সন্ত্রাসীরা।
বুধবার দিনগত রাত ২টার দিকে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের নয়াবাজার পুকুরপাড়ে এ হত্যাকা- ঘটে।
পুলিশ জানায়, রাত ২টার দিকে নিহত মাসুম শিবপুর থেকে হিজলিয়া গ্রামে নিজ বাড়িতে যাওয়ার পথে বাড়ির অদূরে পুকুরপাড় এলাকায় পৌঁছুলে ৪/৫জন সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়।
এ সময় সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং হাতুরি দিয়ে পিটাতে থাকে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
অপর একটি সূত্র জানায়, ডিস ব্যাবসা, ভূমিদখল ও চাঁদার ভাগভাটোয়ারা নিয়ে তার বন্ধু-বান্ধবদের সঙ্গে স্থানীয় যুবলীগকর্মী মাসুমের বিরোধ চলে আসছিল।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, স্থানীয় ডিস ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এ হত্যাকা- ঘটে থাকতে পারে।
তিনি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দুপুর ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মাসুমের পরিবারের সদস্য বা স্বজন কেউ লাশ নিতে আসেনি বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, মে ১০, ২০১২
আইয়ুব খান সরকার/সম্পাদনা: সাইফুল ইসলাম, কান্ট্রি এডিটর