ঢাকা: বিমানের পরিচালক মো. শাহনেওয়াজকে আবারও মার্কেটিং পরিচালক পদে ফিরিয়ে আনা হয়েছে। তাকে বদলির আদেশ দেওয়ার এক সপ্তাহের মধ্যে আবারও তা বাতিল করলো এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
বুধবার সন্ধ্যার পর বিমানের নির্ভরেযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
অভিযোগ রয়েছে, এয়ারলাইন্সের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদের পরিকল্পনাতেই যখন যাকে খুশি বদলি করা হচ্ছে আবার তা বাতিলও করা হচ্ছে।
গত বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিমানের তিন পরিচালক পদে রদবদল করা হয়। ওইদিন সন্ধ্যায় বিমানের পরিচালক (মার্কেটিং) মো. শাহনেওয়াজকে কাস্টমার সার্ভিস পরিচালক হিসেবে বদলি করা হয়। এর ঠিক ছয় দিনের মধ্যেই তার এই আদেশ বাতিল করা হল।
মার্কেটিং ব্যাকগ্রাউন্ড থেকে আসা মো. শাহনেওয়াজকে এর আগে জামাল উদ্দিন আহমেদ তিনবার মার্কেটিং বিভাগ থেকে সরিয়েছেন।
গত বৃহস্পতিবারের আদেশে বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোসাদ্দেক আহমেদকে ক্রয় ও সংগ্রহ পরিচালক থেকে মার্কেটিং এন্ড সেলস বিভাগের পরিচালক পদে বদলি হয়। মোসাদ্দেক আহমেদ পরিচালকের পাশাপাশি ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বও পালন করছেন। এর ছয়দিন পর আজ আবার তাকে বদলি করা হল কাস্টমার সার্ভিস পরিচালক পদে।
তবে কাস্টমার সার্ভিস পরিচালক মাজহারুল ইসলাম চৌধুরীকে পরিকল্পনা পরিচালক পদে বদলির আদেশ বহাল রয়েছে।
এর আগে, গত ২০ ডিসেম্বর রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সে মহাব্যবস্থাপক (জিএম), উপ-মহাব্যবস্থাপকসহ (ডিজিএম) উচ্চপদস্থ ১০টি পদে রববদল করা হয়।
বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১২
আইএইচ/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর