ঢাকা : ইসলামী ব্যাংকগুলোর তারল্য ঝুঁকি কমিয়ে আনতে এবং তারল্য ব্যবস্থাপনাকে অধিকতর সুসংহত করার জন্য আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্তঃব্যাংক তহবিল মার্কেটের কার্যক্রম শুরু হচ্ছে।
রোববার দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করবেন। এতে ইসলামী ব্যাংকগুলোর প্রধান নির্বাহীরা উপস্থিত থাকবেন।
বাংলাদেশ ব্যাংক গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর একটি সার্কুলারের মাধ্যমে ইসলামী আন্তঃব্যাংক ফান্ড মার্কেট প্রতিষ্ঠা করা হয়।
ওই সার্কুলারে বলা হয়, ইসলামী শরিআহ ভিত্তিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং কনভেনশনাল ব্যাংকগুলোর ইসলামী শাখাগুলো তাদের তহবিলের উদ্বৃত্ত অর্থ ইসলামী বন্ড ফান্ডে প্রতিদিন ভিত্তিতে জমা দিতে পারবে। ইসলামী বন্ড মার্কেট কাস্টডিয়ান তহবিল হিসেবে তা গ্রহণ করবে। জমাকৃত তহবিলের বিনিয়োগকৃত অর্থে অর্জিত মুনাফা অংশগ্রহণকারী ব্যাংকগুলো সাময়িকভাবে পাবে। সকল লেনদেন মুদারাবা ভিত্তিতে সম্পাদিত হবে।
এতে আরো বলা হয়, গৃহীত তহবিলের মেয়াদ হবে একদিন। তবে ছুটি থাকলে তা পরবর্তী দিন পর্যন্ত কার্যকর হবে।
বাংলাদেশ সময় : ০৫০০ ঘণ্টা, জুন ০৩, ২০১২
এসএআর/সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর