ঢাকা: রোববার পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করতে গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও আবেদন গ্রহণ শুরু হবে।
শুক্রবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রোববার থেকে আবেদন গ্রহণ শুরু করে কোম্পানিটির আইপিও আবেদন চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। আর রোববার থেকে শুরু করে অনিবাসী বাংলাদেশিরা (এনআরবি) আবেদন করতে পারবেন ৮ জানুয়ারি পর্যন্ত।
এর আগে ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নিয়মিত সভায় নির্ধারিত মূল্য পদ্ধতিতে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনে কোম্পানিটিকে অনুমোদন দেওয়া হয়।
গোল্ডেন হারভেস্ট ১০ টাকা অভিহিত মূল্যের ৩ কোটি সাধারণ শেয়ার ইস্যু করবে, অভিহিত মূল্যের সঙ্গে ১৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের ইস্যুমূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ টাকা, ৩০০টি শেয়ারে একটি মার্কেট লট নির্ধারণ করা হয়েছে।
এর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৭৫ কোটি টাকা উত্তোলন করবে প্রতিষ্ঠানটি। যার মধ্যে ৪৫ কোটি টাকা প্রিমিয়াম হিসেবে নিচ্ছে কোম্পানিটি।
গত বছরের ৩০ জুন সমাপ্ত বছরের হিসাব অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪ টাকা ৭২ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ২৫ টাকা ৫৩ পয়সা, তবে পুর্নমূল্যায়িত সম্পদমূল্য বাদে কোম্পানিটির এনএভি ১৮.৬৫ টাকা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ব্যানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং রয়েল গ্রিন ক্যাপিটাল মার্কেট লিমিটেড।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ডিসেম্বর ২১,২০১২
এইচএমএম/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর