ঢাকা : রাষ্ট্রয়াত্ত্ব বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইবিসি) পরিচালিত ৯টি তহবিলের সাধারণ বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
লভ্যাংশ ঘোষণাকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আট মিউচ্যুয়াল ফান্ড ও একটি ইউনিট ফান্ড।
গত ৩০ জুন ২০১২ সমাপ্ত অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়। রোববার আইসিবির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির পর্ষদ সভায় এই ঘোষণা দেওয়া হয়। সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য মতে- প্রথম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের জন্য ৬০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের জন্য ৩০০ শতাংশ, তৃতীয় আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের জন্য ২০০ শতাংশ, চতুর্থ আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের জন্য ১৮৫ শতাংশ, পঞ্চম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের জন্য ১৭০ শতাংশ, ষষ্ঠ আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের জন্য ১০০ শতাংশ, সপ্তম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের জন্য ১১০ শতাংশ এবং অষ্টম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের জন্য ১০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়।
একই সঙ্গে আইসিবি ইউনিট ফান্ডের প্রতিটি ইউনিটের জন্য ৩২ টাকা হারে লভ্যাংশ ঘোষণা করেছে রাষ্ট্রয়াত্ত্ব এ বিনিয়োগ প্রতিষ্ঠানটি।
এ দিকে প্রথম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডে ঘোষিত ৬০০ শতাংশ লভ্যাংশ ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানি অথবা মিউচ্যুয়াল ফান্ড কর্তৃক ২০১১-১২ অর্থবছরের জন্য এ পর্যন্ত ঘোষিত লভ্যাংশের হারের তুলনায় সর্বোচ্চ।
পর্ষদ সভায় অন্যান্যের মধ্যে আইসিবির চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফায়েকুজ্জামান, পরিচালক পর্ষদ সদস্যবৃন্দ ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময় : ১৯৪৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
এইচএমএম/ সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com