 |
ঢাকা: লিবিয়ার জাতীয় অন্তর্বর্তীকালীন পরিষদ (এনটিসি) জানিয়েছে, আগামী বুধবার তারা নবনির্বাচিত সংসদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।
স্বৈরশাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফির পতনের প্রায় এক বছর পর দেশটিতে একটি নির্বাচিত সরকার ক্ষমতা নিতে যাচ্ছে।
সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তাহীনতার উদ্বেগ এবং সহিংস ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে যখন রেডক্রস তাদের কর্মকাণ্ড আংশিক স্থগিত করতে বাধ্য হয়েছে সে মুহূর্তে দেশ পরিচালনার ভার নিতে যাচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধিরা।
সোমবার রাজধানী ত্রিপোলিতে এনটিসির মুখপাত্র সালেহ দারহুব সাংবাদিকদের বলেছেন, “আমরা নিশ্চিত করে বলছি, ৮ আগস্ট, ২০১২- এই দিনে আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করব।”
২০১১ সালের ফেব্রুয়ারি দেশব্যাপী সশস্ত্র বিক্ষোভে গাদ্দাফির পতনের পর লিবিয়াতে প্রথম স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় গত ৭ জুলাই। এর মাধ্যমে দীর্ঘ তিন দশকের স্বৈরশাসনের কবল থেকে মুক্ত হয়ে গণতন্ত্রের পথে লিবিয়ার যাত্রা শুরু হল বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
বুধবার ক্ষমতা হস্তান্তর হলে দুইশ’ জন নির্বাচিত আইনপ্রণেতাদের নিয়ে গঠিত লিবিয়ার সংসদ এনটিসির স্থালাভিষিক্ত হবে। এ সংসদ একটি সংবিধান প্রণয়ন করবে এবং সে অনুযায়ী একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠানের আগে পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে।
কিন্তু নির্বাচনের আগে ও পরে সহিংসতা যে হারে বেড়ে চলেছে তাতে লিবিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে। নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে স্থিতিশীলতা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর