ঢাকা: রাজধানীর ভাটারা এলাকা থেকে মো. আলী (৪০) নামে এক বাবুর্চির মৃতদেহ উদ্ধার করেছে ভাটারা থানা পুলিশ।
শনিবার বিকেলে ভাটারা এলাকার পূর্ব নূরের তলার ১০৬০ নম্বর বাসা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
ভাটারা থানার এসআই আরিফুর রহমান বাংলানিউজকে জানান, আলী হোটেলে বাবুর্চি হিসেবে কাজ করতো। শনিবার সে কর্মস্থলে না যাওয়ায় তার সহকর্মীরা তাকে বাড়িতে খোঁজ করতে গেলে ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এসময় তার নাকে মুখে রক্ত দেখে থানায় খবর দিলে, পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, নিহত আলীর পিতা মৃত মো. কফিলউদ্দিন। তার বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর থানার রাজনগর গ্রামে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, জুন ১৬, ২০১২
আইএম/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর