পাবনা: পাবনা সদর উপজেলার মাদারবাড়িয়া পশ্চিমপাড়া গ্রাম থেকে বৃহস্পতিবার সকালে কেয়া খাতুন (২২) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
কেয়া মাদারবাড়িয়া পশ্চিমপাড়া গ্রামের মিলন হোসেনের স্ত্রী। তিনি উপজেলার বলরামপুর গ্রামের আলতাব হোসেনের মেয়ে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলে এলাহী বাংলানিউজকে জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে কেয়ার লাশ তার স্বামীর বাড়ি থেকে উদ্ধার করা হয়।
এসময় মৃতদেহ বাড়ির উঠানে শোয়ানো অবস্থায় ছিল এবং গলায় রশি পেঁচানোর দাগ রয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশটি পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কেয়া খাতুনের বাবা আলতাব হোসেন পুলিশের কাছে অভিযোগ করে বলেন, “যৌতুকের দাবিতে তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা বলে চালানোর অপচেষ্টা করছে জামাই মিলন ও তার স্বজনরা।”
এ ঘটনায় কেয়ার বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, মে ৩১, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর; আহ্সান কবীর, আউটপুট এডিটর