 |
ঢাকা: সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশনের (এসইসি) নির্দেশনা অনুসারে ২ শতাংশ শেয়ারধারণে ব্যর্থ ২৩৩ কোম্পানি পরিচালকের বিষয়ে এসইসি’র পরবর্তী কমিশন সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।
বুধবার এসইসি’র ৪৪৪তম কমিশন সভা শেষে সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত বছরের ২২ নভেম্বর কমিশনের সিদ্ধান্ত অনুসারে প্রত্যেক কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের এককভাবে ওই কোম্পানির ২ শতাংশ শেয়ারধারণ বাধ্যতামূলক করা হয়। একই সঙ্গে সম্মিলিতভাবে উদ্যোক্তা পরিচালকদের কোম্পানির ৩০ শতাংশ শেয়ারধারণ বাধ্যতামূলক করে নির্দেশনা জারি করে এসইসি।
আর উল্লিখিত পরিমাণ শেয়ারধারণে জন্য ছয় মাস সময় বেঁধে দেয় কমিশন। সে হিসেবে গত ২২ মে শেয়ারধারণের সময় শেষ হয়। এরপর এসইসি’র এক নির্দেশনায় নির্ধারিত সময়ের মধ্যে যেসব উদ্যোক্তা পরিচালক শেয়ারধারণ সংক্রান্ত নিদের্শনা পরিপালনে ব্যর্থ হওয়ায় তাদের পদ শূন্য হয়েছে তাদের তথ্য দিতে তালিকাভুক্ত ২৩৮টি কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের নির্দেশ দেয় এসইসি। আর এ জন্য ২৬ জুলাই পর্যন্ত সময় বেঁধে দেয় কমিশন।
তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ১৫টি কোম্পানি নির্ধারিত সময়ের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের শেয়ারধারণ সংক্রান্ত তথ্য জমা না দেওয়াতে কোম্পানিগুলোকে সতর্ক করে আরেক দফা চিঠি দেয় এসইসি। এরপরও বাকি ১০টি কোম্পানি তথ্য দিলেও ৫টি কোম্পানি তথ্য দেয়নি। তথ্য দিয়েছে ২৩৩টি কোম্পানি।
এর বিষয়ে বুধবার দেওয়া এসইসি’র প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য প্রদান না করা ৫টি তালিকাভুক্ত কোম্পানির মধ্যে ২টি সরকারি কোম্পানি রয়েছে যাদের উদ্যোক্তা পরিচালক নেই। সেহেতু ওই ২টি প্রতিষ্ঠানকে সতর্কিকরণ পত্র ইস্যু করার সিদ্ধান্ত সভায় গৃহীত হয়।
আর বাকি ৩টি কোম্পানির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এনফোর্সমেন্ট বিভাগে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয় কমিশন সভায়।
এছাড়া ২৩৩টি কোম্পানির যেসব উদ্যোক্তা-পরিচালক এসইসি’র নির্দেশনা পরিপারণে ব্যর্থ হয়েছেন তাদের বিষয়ে প্রাপ্ত তথ্য অধিকতর পরীক্ষা-নিরীক্ষা পূর্বক পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে পরবর্তী কমিশন সভায় উপস্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১২
এইচএমএম/ সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর