ছবিটা
কুয়াশা ছেড়ে উঠে আসছি তোমার বাগানে
এখানে জানলার ভোর, পাখি উৎসব
কী করে জানবো ফিরে গেলে ঢেউ উঠবে কি না
চোখ না চেয়েও পড়ে নিচ্ছি শব্দতরঙ্গ
পাতার গানে বুকের ওঠাপড়া
শেষদৃশ্যে হাত নাড়ার ছবিটা
কিছুতেই আর ইরেজ করা যাচ্ছে না
লাল
তবে কি চূড়ান্ত সময়ে ভুলে যাই
আমরা কে কোন রাশির লোক
লাইনে দাঁড়িয়ে ভয় পেলে এতো..
জানলে না এখন কোনো শ্বাসকষ্ট নেই
নিয়ম মেনে স্মৃতিও খুঁজছে রহস্য দাগ
অস্ফুট আলোয় লাল বিন্দু লালে আঁকা ছক
হতে পারে তোমার গোপন কোনো তিল
অথবা সেই ঝাপসা হতে থাকা চিহ্ন
যা মুহূর্তের ফ্রেমে বন্দী হয়েছিলো
কিন্তু তার রঙ লাল-ই হতে হবে কেন?
দুর্দৈব
টেরাকোটা প্রেমিক
ভেবো না চাইছি কৈফিয়ৎ
এখানেও সম্পর্কশব্দের গায়ে মাখা আছে মায়া
ডানায় আঁকা সল্মাচুমকি বিষাদ
সবুজ কমে কমে তবু মরূদ্যান যদি
চিলেকোঠা ছুঁইছুঁই উল্টো আকাশ থেকে
তুলে নিচ্ছি এই সেপিয়া টোন
সবুজেও আজ এত দুর্দৈব!
হায়..
ফেরো তবে...
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১২