 |
ঢাকা: হুসেইন মুহম্মদ এরশাদ রাজনীতির তুরুপের তাস বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ।
শনিবার রাজধানীর ধোলাইপার কমিউনিটি সেন্টারে শ্যামপুর ও কদমতলী থানা জাতীয় পার্টির যৌথ উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, “দেশের মানুষ এরশাদকে ক্ষমতায় দেখতে চায়। তারা এরশাদের নয় বছরের শাসনামলে ফিরে যেতে চায়। শান্তিতে দু’বেলা খেয়ে পরে থাকতে চায়। উন্নয়ন ও অগ্রগতি চায়।” তাকে ঘিরেই আগামী দিনের ক্ষমতার ভারসাম্যও তৈরি হবে তিনি দাবি করেছেন।
জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, “দেশে এ মুহূর্তে ভয়াবহ রাজনৈতিক সঙ্কট চলছে। এই সঙ্কট চলতে থাকলে গণতন্ত্র নির্বাসনে চলে যাবে। আর একবার গণতন্ত্র নির্বাসনে গেলে তা আবার কবে ফিরে আসবে তা কেউ যানে না।”
জাতীয় পার্টিকে ঘিরে সারাদেশে জনজোয়ার সৃস্টি হয়েছে উল্লেখ করে জাপা মহাসচিব বলেন, “মানুষ নতুন করে জাতীয় পার্টিকে কেন্দ্র করে স্বপ্ন দেখতে শুরু করেছে। তাই যেকোনো মূল্যে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে হবে।”
প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগরের সাবেক সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি। বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ, এসএমএম আলম, মহানগর নেতা কাওসার আহম্মেদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১২
ইএস/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর