 |
ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় দিনেও পতন দিয়ে শেষ হয়েছে লেনদেন।
সোমবার ডিএসইর সাধারণ মূল্যসূচক কমেছে ৯ পয়েন্ট। লেনদেন আগের দিনের চেয়ে কমে দাঁড়িয়েছে ২১০ কোটি টাকায়।
এদিকে টানা দর পতনের প্রতিবাদে আবারো বিক্ষোভে নেমেছেন বিনিয়োগকারীরা। আজ দুপুর ১টার দিকে ডিএসইর সামনে বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ প্রদর্শন করে তারা। এ সময় বিক্ষোভকারীরা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের পদত্যাগ দাবি করে ডিএসইর নেতাদের বিরুদ্ধে স্লোগান দেন।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার সকাল থেকেই সূচকের পতন দিয়ে লেনদেন শুরু হয়। সকাল সাড়ে ১১টায় সূচক দিনের সর্বনিম্ন অবস্থান ৪ হাজার ১ পয়েন্টে নেমে আসে। দুপুর ১২টা থেকে সূচক কিছুটা ঊর্ধ্বমুখী হয়ে দিনের সর্বোচ্চ অবস্থান ৪ হাজার ২৭ পয়েন্টে উঠে আসে। এরপর আবারও পতন শুরু হয় এবং দিনশেষে ৯ পয়েন্ট কমে দাঁড়ায় ৪ হাজার ৮ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২৬৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫৫টির কমেছে ১৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির। মোট আর্থিক লেনদেন হয়েছে ২১০ কোটি ৪২ লাখ ৮৯ হাজার টাকা।
সোমবার ডিএসই’তে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- জেনারেশন নেক্সট, এনভয় টেক্সটাইল, ইউনিক হোটেল, ইউনাইটেড এয়ার, বিএসসিসি, আরএনস্পিনিং, যমুনা অয়েল, তিতাস গ্যাস, পূবালী ব্যাংক এবং সায়হাম কটন।
দর বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো- প্রাইম ব্যাংক, ফার্স্ট বিএসআরএস, সপ্তম আইসিবি, যমুনা ব্যাংক, উত্তরা ব্যাংক, সাভার রিফ্র্যাক্টরিজ, বার্জার পেইন্ট, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক এবং আইসিবি ফার্স্ট এনআরবি।
দর কমার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো- এনভয় টেক্সটাইল, এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, জেনারেশন নেক্সট, মেঘনা পেট্রোলিয়াম, আইসিবি ইমপ্লয়িস প্রভিডেন্ট: স্কিম ওয়ান, সমরিতা হসপিটাল, ফার্স্ট প্রাইম মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট, এফএএস ফাইন্যান্স ও এশিয়া পেসিফিক ইন্স্যুরেন্স।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার সূচক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭ হাজার ৮১৬ পয়েন্টে। এদিন লেনদেন হওয়া মোট ১৬৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির। সারাদিনে মোট লেনদেন হয়েছে ২৯ কোটি ৫০ লাখ ৯৩ হাজার টাকা।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১২
জেএনএ/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর