20120816195331.jpg) |
| ছবি: নূর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: “রাস্তায় যানবাহনের জ্যাম নেই, গণমানুষের উপচে পড়া ভিড় নেই। কি অদ্ভূত এক ঢাকা! সবকিছু কেমন কোলাহল মুক্ত, শান্ত হয়ে গেল। ইস্, ঢাকা যদি এমন হতো!”
বৃহস্পতিবার সবাই যখন ঈদের ছুটিতে বাড়ির পানে ছুটছেন, তখন অন্যরকম ঢাকার এই চিত্র দেখে এমনই অবাক হওয়া মন্তব্য বেরিয়ে এলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিশাত সুলতান ঝিলিনের মুখ ফুটে।
পুরো ফাঁকা রাজধানী পেয়ে ঝিলিনরা বেরিয়েছেন দলবেঁধে। বাংলানিউজকে পেয়ে শামীমা নাসরিন মিলি বললেন, “এতো সুন্দর ঢাকা আর কখনও দেখিনি। সবসময় আব্বু আম্মুর সঙ্গে গ্রামের বাড়িতে ঈদ করতে চলে যাই। এবার ঢাকায় থেকে গেলাম। ফাঁকা ঢাকা যে এতো সুন্দর হতে পারে, তা আগে কখনও চিন্তায়ও আসে নি।”
এমন ফাঁকা রাজধানী দেখে বিস্ময় প্রকাশ করেছেন আরও অনেকেই। যানজটহীন এমন ঢাকা সবার কাম্য হলেও ব্যস্ত এই নগরীকে এতো বেশি ফাঁকা কেবল ঈদ ছাড়া কখনোই দেখা যায় না। বছরের দুই ঈদকে কেন্দ্র করে ছুটির দিনগুলোতে ঢাকার এই চিত্রে মুগ্ধ হতে দেখা যায় অনেককেই।
নগরীর উত্তরার বাসিন্দা মঈনুদ্দিন বাংলানিউজকে বলেন, “বিশ্বাস করবেন কি না, জানি না, আজ আমার সারা ঢাকায় রিকশা করে ঘুরে বেড়াতে ইচ্ছে হচ্ছে। এমন সুন্দর, ঝামেলামুক্ত ঢাকা কি আর কখনও পাওয়া যাবে!”
ঢাকাকে যানজট মুক্ত করার অনেক পরিকল্পনা হলেও বাস্তবে ঢাকায় যানজটের মাত্রা দিনদিন বেড়েই চলেছে। ক্রমেই এই জট মানুষের চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কর্মস্থলে পৌঁছাতে পৌঁছাতেই দম বেরুনোর যোগাড়, কাজে মন বসানোর সুযোগ আর থাকে না। রাজধানীর এমন জটে সবাই যখন ক্ষুব্ধ, ঠিক তখন এমন মুক্ত ঢাকা পেয়ে ঢাকাবাসীর আনন্দ যেন আর ধরে না।
ধানমন্ডিতে প্রতিদিন অফিস করতে গিয়ে যানজটের কবলে পড়ে সীমাহীন দুর্ভোগ পোহান শায়লা রহমান। যানজটমুক্ত ঢাকা দেখে তিনি আক্ষেপের সুরে বলেন, “অফিস যদি এখন হতো, তাহলে আমার জন্য খুবই ভালো হতো। যানজট থেকে খানিকটা রেহাই পাওয়া যেতো।”
এমন কোলাহলমুক্ত ঢাকার পরিকল্পনা কেন করা হয় না, এ নিয়ে প্রশ্নেরও অন্ত নেই। ঢাকাকে অচিরেই বিকেন্দ্রীকরণ করা না গেলে ঢাকা বসবাসের অযোগ্য হয়ে পড়বে বলে মন্তব্য করেন বিশেষজ্ঞরা।
তাদের মতে, ঈদের সময়ে ঢাকা যেমন শান্তিপূর্ণ ও যানজটমুক্ত থাকে, ঢাকার চিত্র সবসময়ই এমন হওয়া উচিত। এ জন্য প্রয়োজন বৃহৎ পরিকল্পনা।
কেন্দ্রিভূত ঢাকাকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে এই নগরীকে সবসময়ের জন্য এমন মুক্ত ও সুন্দর করে তোলার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন তারা।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর