ঢাকা: বলিউডে একের পর এক বক্স অফিস কাঁপানো সুপারহিট ছবি উপহার দিয়ে যাচ্ছেন সালমান খান। সাফল্য যেন তার পিছু নিয়েছে। যে ছবিতেই কাজ সেটিই হিট হচ্ছে। সালমানের নতুন ছবি এলেই বেড়ে যাচ্ছে দর্শকের প্রত্যাশা, বাড়ছে তার প্রতি নির্মাতা- প্রযোজকের আস্থা। এই প্রত্যাশা আর আস্থা একধরনের চাপ তৈরি করেছে সালমান খানের উপর। নতুন কোনো ছবি মুক্তির দিন কাছে এলেই টেনশনে পড়ে যাচ্ছেন সল্লু মিয়া।
সম্প্রতি সালমান খান এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, “আমি খুব খুশি যে আমার প্রত্যেকটি ছবি দর্শকরা খুব ভালভাবে নিচ্ছেন। একই সঙ্গে আমি খুব চিন্তিত। দিন দিন আমার ক্যারিয়ার খুব বিপদজ্জনক পর্যায়ে চলে যাচ্ছে।
কারণ আমি জানি না আমি পরবর্তী ছবিতে কি ধরনের অভিনয় করব! দর্শকদের নতুন কী দিতে পারবো! দর্শকদের বৈচিত্র্য দেওয়ার জন্যই আমি পর পর একই রকম চরিত্রে অভিনয় করি না। দর্শকরা আমাকে অ্যাকশন চরিত্রের পর রোমান্টিক চরিত্রে দেখতে পান।”
বর্তমানে সালমান খানের প্রধান কারণ হচ্ছে তার মুক্তি প্রতিক্ষীত ছবি ‘এক থা টাইগার’। বক্স অফিসে হ্যাটট্রিক সাফল্যের পর তার এই নতুন ছবিটি দর্শক-প্রযোজকদের প্রত্যাশা পূরণ করতে পারবে কী না, তা নিয়ে টেনশনের মধ্যে আছেন সালমান।
নতুন ছবির মুক্তি নিয়ে টেনশনে থাকার বিষয়টি অবশ্য তিনি এড়িয়ে গেছেন। জানিয়েছেন, সব ছবিই যে নতুন নতুন রেকর্ড তৈরি করবে তা তিনি ভাবতে রাজি নন।
এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি জানি প্রতিনিয়তই দর্শক ও প্রযোজক-পরিচালকের আমার উপর প্রত্যাশা বাড়ছে। তবে এর মানে এই নয় যে, তা আমার উপর প্রচ- চাপ তৈরি করছে। আর চাপে থাকলে ভালো কিছু দেওয়া কারো পক্ষে সম্ভব নয়। আমি এখনো সবক্ষেত্রেই আমার সেরাটা দেওয়ার চেষ্টা করছি।”
প্রচ- চাপে থাকার বিষয়টি স্বীকার না করলেও ‘এক থা টাইগার’ ছবি নিয়ে সালমান যে টেনশনের মধ্যে আছেন তা এমনিতেই বোঝা যায়। ‘ওয়ান্টেড’, ‘দাবাং’ আর ‘বডিগার্ড’ ছবির হ্যাট্রিক সাফল্যের পর সালমান তার সাফল্যের ধারা বজায় রাখতে মরিয়া হয়ে মাঠে নেমেছেন। নতুন ছবি ‘এক থা টাইগার’ এর প্রচার-প্রচারনার কাজে ভারতের নানাপ্রান্তে ছুটে বেড়াচ্ছেন। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৫ আগস্ট।
বাংলাদেশ সময়: ১৯২২ঘণ্টা, আগস্ট ১২, ২০১২ সম্পাদনা: বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।