কিয়েভ: ইউরো চ্যাম্পিয়নশিপে শুরুটা ভালো হয়নি সুইডেনের। শক্তির বিচারে স্বাগতিক ইউক্রেনের চেয়ে অনেক এগিয়ে ইব্রাহিমোভিচরা। তারপরও সুবিধা করতে পারেনি সফরকারীরা। তাদের ২-১ গোলে হারিয়েছে স্বাগতিকরা। এমন হার কোনো ভাবেই মেনে নিতে পারছেন না অধিনায়ক ইব্রাহিমোভিচ।
সুইডেনের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ে ইউক্রেন। গোল করেন ইব্রাহিমোভিচ। এরপর জালের ঠিকানা খুঁজে পাইনি সুইডেন। তবে তাদের জালে দুইবার বল পাঠিয়ে জয় দিয়ে অভিযান শুরু করেছে সহআয়োজক ইউক্রেন।
অলিম্পিক স্টেডিয়ামে ৬৪ হাজার দর্শক উপস্থিত হন ইউক্রেনকে সমর্থন দিতে। তাদের হতাশ করেননি স্বাগতিক ফুটবলাররা। পিছিয়ে পড়েও জোড়া গোল করে ভক্তদের জয়ের আনন্দে ভাসিয়েছেন শেভচেঙ্কো।
প্রতিপক্ষের এমন আনন্দের দিনে বিষাদের সুর ইব্রাহিমোভিচের কন্ঠে। ম্যাচ শেষে এসভিটিভি এককে সুইডিশ তারকা বলেন, ‘হার মেনে নেওয়া কঠিন। কারণ আমাদের হারা উচিৎ ছিলো না। আমরা ১-০ গোলে এগিয়ে ছিলাম। ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিলো। তারপরও এমন হওয়া উচিৎ হয়নি।’
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জুন ১২, ২০১২
এমএইচ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর