বগুড়া: বগুড়ার ধুনট উপজেলা যুবলীগ সভাপতি মতিউর রহমান ওরফে ভিপি মতি ছুরিকাহতের ঘটনায় ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বগুড়া জেলা যুবলীগ।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে অপরাধীকে দ্রুত আটকের দাবিতে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল মোর্শেদ আপেলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহর ঘুরে শেষে পুলিশ প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময় বেধে হয়।
জেলা যুবলীগ নেতা কামরুল মোর্শেদ আপেল বাংলানিউজকে জানান, যারা ঘটনা ঘটিয়েছে, তারা একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। প্রকাশ্য ঘুরে বেড়ালেও পুলিশ তাদের কেন আটক করছে না, বিষয়টি তাদের বোধগম্য নয়।
তিনি জানান, ঘটনার নায়ক ও একাধিক মামলার আসামী জাহাঙ্গীরকে অনেক আগেই যুবলীগ থেকে বহিস্কার করা হয়েছে।
এর আগে ধুনট থানার পরিদর্শক (ওসি) ছামছুল হক বাংলানিউজকে জানান, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে আটক করা ঠিক হবেনা। তবে যুবলীগ নেতা জাহাঙ্গীর ও তার সহযোগীদের নামে মামলা হলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, দুপুরে বগুড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত ধুনট উপজেলা যুবলীগ সভাপতি মতিউর রহমান ওরফে ভিপি মতি বাংলানিউজকে জানান, অন্যায় কাজের প্রতিবাদ করায় তাকে ধুনট শহর যুবলীগের বহিস্কৃত সভাপতি জাহাঙ্গীর আলম ও তার আত্মীয় সন্ত্রাসী রনি, জুয়েলসহ অন্যান্য সঙ্গীরা পিস্তল দেখিয়ে রাম দা, ছোড়া ও লোহার রড দিয়ে হত্যার উদ্দেশে তাকে আঘাত করে।
এ সময় তিনি চিহ্নিত অপরাধীদের আটকের জন্য পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানান।
উল্লেখ্য, সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা শহরের অডিটোরিয়াম এলাকায় উপজেলার চিহ্নিত কয়েক দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে উপজেলা যুবলীগ সভাপতি মতিউর রহমান আহত হন।
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, মে ২২, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর