ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারও দরপতনের মধ্যে লেনদেন হয়েছে।
ওদিকে অব্যাহত দরপতনের প্রতিবাদে দুপুর ১টার দিকে ডিএসইর মূল ফটকের সামনে বিক্ষোভ করেছেন ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীরা। এ সময় তারা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পদত্যাগ দাবি করে নানা স্লোগান দেন।
গত সপ্তাহে লেনদেন হওয়া ৫ কার্যদিবসের মধ্যে ৪ কার্যদিবসেই দরপতন হয়।
দুপুর পৌনে ৩টার দিকে ইত্তেফাক মোড় থেকে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত এক পাশের রাস্তা বন্ধ করে দেয় বিনিয়োগকারীরা।
গত সপ্তাহে লেনদেন হওয়া ৫ কার্যদিবসের মধ্যে ৪ কার্যদিবসেই দরপতনের পর চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসেও তার ধারাবাহিকতা বজায় থাকলো।
রোববার লেনদেন শেষে ডিএসইতে ২২৮টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক কমেছে ১১৪ পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ১৬৮ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১৮৬ কোটি টাকা।
এদিন লেনদেনের প্রথম ৫ মিনিটে অর্থাৎ সকাল ১০টা ৩৫ মিনিটে ডিএসই’র সাধারণ সূচক ২ পয়েন্ট কমে ৪ হাজার ৬১৮ পয়েন্টে নেমে যায়। পরবর্তীতে সকাল ১০টা ৪০ মিনিটে ৯ পয়েন্ট কমে ৪ হাজার ৬১১ পয়েন্টে, পৌনে ১১টায় ১৮ পয়েন্ট কমে ৪ হাজার ৬০২ পয়েন্টে, বেলা সাড়ে ১১টায় ৫৬ পয়েন্ট কমে ৪ হাজার ৫৬৩ পয়েন্টে, দুপুর সোয়া ১২টায় ৮৬ পয়েন্ট কমে ৪ হাজার ৫৩৪ পয়েন্টে, দুপুর ১টায় ৭৫ পয়েন্ট কমে ৪ হাজার ৫৪৪ পয়েন্টে, দুপুর দেড়টায় ৯৫ পয়েন্ট কমে ৪ হাজার ৫২৫ পয়েন্টে স্থির হয়।
দিন শেষে ডিএসই’র সাধারণ সূচক ১১৪ পয়েন্ট কমে ৪ হাজার ৫০৬ পয়েন্টে নেমে যায়।
ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।
রোববার ডিএসই’তে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২২টির, কমেছে ২২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির দাম।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসই’র শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় ওঠানামা করে- বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, এসআইবিএল, লাফার্জ সুরমা, গ্রামীণফোন, মেঘনা পেট্রোলিয়াম, লংকাবাংলা ফাইন্যান্স, জিপিএইচ ইস্পাত, স্কয়ার ফার্মা, ন্যাশনাল ব্যাংক ও বেক্সিমকো।
অন্যদিকে রোববার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ’র (সিএসই) সাধারণ সূচক ১৮০ পয়েন্ট কমে ৮ হাজার ৬০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩টির, কমেছে ১৬৬টির এবং দাম অপরিবর্তীত রয়েছে ৬টি কোম্পানির শেয়ারের দাম।
রোববার সিএসইতে দাম বাড়া শীর্ষ ১০ কোম্পানি হলো- বাংলাদেশ সাবমেরিন কেবল, এসআইবিএল, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণফোন, বেক্সিমকো লি., ইউসিবিএল, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিস লি., আফতাব অটোমোবাইল, লংকা-বাংলা ফিন্যান্স এবং ইউনাইটেড এয়ার।
সিএসইতে এ দিন লেনদেন হয়েছে মোট ২৬ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
বাংলাদেশ সময় : ১৬০৩ ঘণ্টা, জুন ১৭, ২০১২
এসএনএইচ/সম্পাদনা : নজরুল ইসলাম, আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর,
সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com