 |
ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষীদের জেরা গ্রহণ তিন দিনের জন্য মুলতবি করেছেন ট্রাইব্যুনাল।
রোববার সকালে আসামিপক্ষের আবেদনের ভিত্তিতে হার্ট অ্যাটাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে সাঈদীর ভর্তি থাকার ঘটনা বিবেচনা করে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
আগামী বুধবার ফের সাক্ষীদের জেরা নেওয়া শুরু হবে।
সকাল সাড়ে দশটায় কোর্ট বসলে সাঈদীর আইনজীবীরা সাক্ষীদের জেরা দু’সপ্তাহ পিছিয়ে দেওয়ার আবেদন জানান।
আবেদনের পক্ষে অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ‘সাঈদীর বড় ছেলের মৃত্যুর পর জেলগেটে তার হার্ট অ্যাটাক হয়। তিনি এখন মৃত্যু শয্যায়। কাল সোমবার সকাল ৯টায় তার এনজিও গ্রাম করার কথা। এ অবস্থায় আসামিদের জেরা মুলতবি করা হোক।’
এ সময় ট্রাইব্যুনাল ‘আসামির অনুপস্থিতিতেও মামলা চালানো যায়’ বলে মন্তব্য করেন।
এক পর্যায়ে তাজুল ইসলাম উত্তেজিত হলে ট্রাইব্যুনাল বলেন, ‘ডোন্ট এক্সাইটেড। কোর্ট ইজ নট দ্য প্লেস অব এক্সাইটমেন্ট।’
তাজুল ইসলাম বলেন, ‘আইনে আছে, কোন আসামি জামিনের পর দীর্ঘ দিন অনুপস্থিত থাকলে বা অসুস্থ থাকলে তার অবর্তানে মামলা চালানো যায়। সাঈদী সাহেব হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।’
সাঈদীর পক্ষে অপর আইনজীবী মিজানুল ইসলাম বলেন, ‘মা ও সন্তান মারা যাওয়ার পর মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার পাশাপাশি শারীরিকভাবেও সঙ্কটাপন্ন সাঈদী। এ অবস্থায় ট্রায়াল চললে মানবিকতার প্রতি চরম অবজ্ঞা করা হবে।’
ট্রাইব্যুনাল বলেন, ‘আমরা মানবিকতার উর্ধ্বে না। মানবিক দিক বিবেচনা করেই যেদিন তার ছেলের জানাজা হয় সেদিন ট্রাইব্যুনাল বসেনি।’
মিজানুল ইসলাম আরো বলেন, ‘আসামি যে দৃষ্টিভঙ্গী নিয়ে বিচার কাজ পর্যবেক্ষণ করছিলেন, প্রয়োজনে আমাদের পরামর্শ দিতে পারছিলেন, তার অনুপস্থিতিতে বিচার কাজ চললে আমরা তা থেকে বঞ্চিত হবো। তার এক ছেলে মারা গেছেন। তিনি আমাদের সহযোগিতা করতেন। সাঈদী অসুস্থ থাকায় তার ছোট ছেলে তার সঙ্গেই আছেন। তাই পরিবার থেকেও মামলায় আমরা কোন সহযোগিতা পাবো না। এ অবস্থায় মামলা চলতে পারে না।’
প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নিয়ে হায়দায় আলী বলেন, ‘সাঈদীর সন্তানের মৃত্যু ও শারীরিক অসুস্থতার খবর শুনে আমরা ব্যথিত। কিন্তু আইন অনুযায়ী আসামির অনুপস্থিতিতেও বিচার কাজ চালানা যেতে পারে।’
যুক্তিতর্ক শেষে ট্রাইব্যুনাল বলেন, ‘যদিও আইন অনুযায়ী আসামির অনুপস্থিতে মামলা চালানো যায়। কিন্তু মানবিকতা বিবেচনা করে তিন দিনের জন্য কোর্ট মুলতবি করা হলো।’
বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, জুন ১৭, ২০১২
জেপি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর