ঢাকা: গার্মেন্টস শ্রমিকদের নিজেকে আত্ম সচেতন হিসেবে গড়ে তোলার আহবান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সাবেক সচিব ড.মাহফুজুল হক।
মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির ছায়ানটে মহান মে দিবস উদযাপন উপলক্ষে সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের নির্বাহী পরিচালক সাহিদা রোকসানা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইভেট সেক্টর এনগেজম্যান্ট, কেয়ার বাংলাদেশের পরিচালক আসিফ ইউ আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০০৬ সালের শ্রম আইনের মাধ্যমে একজন শ্রমিক তার নিয়োগপত্র, আইডি কার্ড, শিক্ষা, স্বাস্থ্য এবং ছুটিসহ সকল সুবিধা ভোগ করছেন। তাদের এই সুবিধা আরো বৃদ্ধির লক্ষ্যে তাদের আরো বেশী আত্মসচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে আসিফ ইউ আহমেদ বলেন, বাংলাদেশে শ্রমিক শ্রেণীর একটি বড় অংশ হচ্ছে পোষাক শিল্প শ্রমিক। পোষাক শিল্পে বর্তমানে ৪০ লাখ শ্রমিক নিয়োজিত রয়েছেন, যার ৯০ শতাংশ নারী শ্রমিক বলে তিনি মনে করেন। তাই তাদের দক্ষতা বৃদ্ধি ও সচেতন ভাবে গড়ে তুলতে সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।
এদিকে সভাপতির বক্তব্যে সাহিদা রোকসানা খাঁন বলেন, গত ১৫ বছর ধরে সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র নারীদের নিয়ে কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।
তিনি বলেন, আমরা প্রশিক্ষণ, শিক্ষা কার্যক্রম ও নারীর ক্ষমতায়ণে কাজ করছি। বর্তমানে প্রতিষ্ঠানটি কেয়ার বাংলাদেশের ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় নারী গার্মেন্টস কর্মীদের নিয়ে ৩টি প্রকল্প বাস্তবায়নে কাজ করছে বলে তিনি জানান।
এ সময় মিসামী গার্মেন্টেস কর্মী সোমা আক্তার বলেন, অভাবে পড়ে ঢাকায় এসে ছিলাম। আমি লেখতে পড়তে জানতাম না। গার্মেন্টসে কাজ করতে সমস্যা হতো। আমার সহকর্মীর মাধ্যমে জানতে পারি এই এলাকায় গার্মেন্টস কর্মীদের লেখাপড়া শেখানো হয়। আমি সেখানে যাই এবং হুইল শিখন কেন্দ্র যোগ দেই। যোগ দেওয়ার পড় আমাকে অনেক কিছু শেখানো হয়েছে। আমি এখন পড়তে পারি বলে তিনি জানান।
তিনি বলেন, এখান থেকে শিন নিয়ে আমি এখন গুডমরনিং, এভরিবডি,হাউ আর ইউসহ অনেক কিছুই বলতে পারি বলে তিনি জানান।
আলোচনা পর্ব শেষে গার্মেন্টস কর্মীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
বাংলাদেশ সময়: ২২৩০ ঘন্টা,মে ০১,২০১২
এসএমএকে / সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর