ঢাকা: পদ্মা সেতু নির্মাণে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়ন নিশ্চিত করার ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়কে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ-জাপান সংসদীয় মৈত্রী গ্রুপ।
একই সঙ্গে পদ্মা সেতু নির্মাণে জাইকার সহায়তা আরও কীভাবে বাড়ানো যায় সে বিষয়ে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।
সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় গ্রুপের ৩য় বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। সংসদ সচিবালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জাপানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আরো উন্নয়ন করতে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
বৈঠক শেষে গ্রুপের সদস্য ও জাতীয় পার্টির এমপি মুজিবুল হক চুন্নু টেলিফোনে বাংলানিউজকে বলেন, “পদ্মা সেতু নির্মাণে জাইকার যে অর্থ দেওয়ার কথা ছিলো, সেটা কিভাবে নিশ্চিত করা যায় সেবিষয়ে আহ্বান জানানো হয়েছে। সংসদীয় গ্রুপ এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরো তৎপর হওয়ার আহ্বান জানিয়েছে।”
প্রসঙ্গত, রোববার রাজধানীতে এক মত বিনিময় সভায় বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত সিরো সাদেশিমা বলেছেন, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে বাংলাদেশ সরকারের পদক্ষেপের ওপর জাপানের অর্থায়নের বিষয়টি নির্ভর করছে।
তিনি আরো জানান, দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকারের পদক্ষেপ নিয়ে জাপান দৃষ্টি রাখছে।
এদিকে বৈঠকে জাপানে বাংলাদেশি জনশক্তি প্রবেশের বিষয়ে ভিসা প্রক্রিয়া সহজ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে সংসদীয় গ্রুপ।
সংসদীয় গ্রুপের সভাপতি জিল্লুল হাকিমের সভাপতিত্বে বৈঠকে গ্রুপের সদস্য হুইপ শেখ আব্দুল ওহাব, মুজিবুল হক চুন্ন, গোলাম মাওলা রনি ও অপু উকিল বৈঠকে অংশ নেন।
এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ-পূর্ব এশিয়া) সহ সংশ্লিষ্ট কর্মকর্তরা বৈঠকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময় : ১৬১০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
এসএইচ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর