শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন দেশ এবং দেশের বাইরে স্টেজ পারফর্ম নিয়েই বেশি ব্যস্ত থাকেন। সম্প্রতি আমেরিকায় এক স্টেজ শোতে অংশ নিয়ে দেশে ফিরেই একটি সিনেমার গানে কণ্ঠ দিলেন বেবী নাজনীন।
দেওয়ান নাজমুলের পরিচালনায় এ সিনেমার নাম ‘নাকফুল’। ‘বান্দিয়া রাখব তোমায় শাড়ির আচলে, মাখিয়া রাখব তোমায় চোখের কাজলে’ শিরোনামে গানটির কথা লিখেছেন এ মিজান। গানটি সুর ও সংগীত করেছেন সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন হক।
২৯ সেপ্টেম্বর রাতে প্রমিক্স রেকর্ডিং স্টুডিওতে গানটির রেকর্ডিংয়ের কাজ শেষ হয়েছে।
এ সম্পর্কে বেবী নাজনীন বাংলানিউজকে বলেন, ‘আমি অনেকদিন পর সিনেমার গানে কণ্ঠ দিলাম। আগের মত ভালো গান না হওয়ায় এখন আর সিনেমার গানে আমি নিয়মিত নই। তবে এতোদিন পর এই গানটিতে কণ্ঠদিয়ে বেশ ভালো লাগছে। এ গানটির কথা, সুর এবং সংগীত অসাধারণ হয়েছে। ’
বাংলাদেশ সময়: ১৪১০ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১২
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন