ঢাকা : ঢাকা বিভাগীয় মালিক-শ্রমিক সংগ্রাম কমিটি তাদের ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে।
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দীর্ঘ এক ঘণ্টা বৈঠক শেষে মঙ্গলবার সন্ধ্যায় এ ঘোষণা দেন কমিটির নেতারা।
বৈঠকে যোগযোগমন্ত্রীর সভাপতিত্বে অন্যদের মধ্যে ছিলেন- নৌ ও পরিবহনমন্ত্রী শাজাহান খান, সংগ্রাম কমিটির আহবায়ক মীর লুৎফুর রহমান লালজু প্রমুখ।
সাত দফা দাবিতে ধর্মঘটের আহবান করে মঙ্গলবার সকালে ৪৮ ঘণ্টার এ ধর্মঘটের ডাক দেয়।
আহবায়ক জানান, মন্ত্রী আশ্বাস দিয়েছেন, তিনি ১৯ ডিসেম্বরের মধ্যে চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রদান ও নবায়নের ব্যবস্থা নেবেন। এছাড়া অন্যান্য দাবিগুলো আইনগতভাবে পর্যায়ক্রমে ব্যবস্থা নেবেন।
বৈঠক শেষে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের জানান, সাত দফা দাবিতে ঢাকা বিভাগীয় মালিক শ্রমিক সংগ্রাম কমিটি ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডেকেছিল। আমরা আলোচনার মধ্যমে সমস্যার সমাধান করেছি।
এছাড়া অন্যান্য দাবিগুলো সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত। তাই আন্ত:মন্ত্রণালয়ের বৈঠক করে এগুলো সমাধান করা হবে।
যোগাযোগমন্ত্রী বলেন, “পরিবহন খাতের জন্য সুখবর আছে, সুবাতাস আসছে।”
এরমধ্যে আছে- মূল চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রদান ও নবায়ন, গাজীপুর জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও গাজীপুর জেলা শ্রমিক ইউনিয়ন এ দুটির নিবন্ধন দখলমুক্ত করে কার্যকরি কমিটি দ্বারা পরিচালনা করা।
এছাড়া প্রত্যেক জেলায় ট্রাক টার্মিনাল নির্মাণ, হাইওয়ে পুলিশসহ সব পুলিশের নির্যাতন বন্ধ, সকল প্রকার চাঁদাবাজি বন্ধ, ঢাকা বিভাগের সঙ্গে কালিয়াকৈরসহ সিএনজিসহ সকল প্রকার জ্বালানির দাম কমানো।
বাংলাদেশ সময় : ১৯০৫ ঘন্টা, ডিসেম্বর ১১, ২০১২
এসএমএ/ সম্পাদনা: সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর