ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের সদস্য সন্দেহে গ্রেফতার চার আসামির তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার মহানগর হাকিম কামরুন্নাহার রুমি শুনানি শেষে প্রত্যেকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
আসামিরা হলেন ইমতিয়াজ হাসান, আরিফুল ইসলাম, আরিফুল করিম ও কদর জামিল।
রাজধানীর শেরেবাংলা নগর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম প্রত্যেক আসামির সাতদিন করে রিমান্ডের আবেদন করেছিলেন।
বৃহস্পতিবার রাত তিনটার দিকে রাজধানীর কাঁটাবন, জিগাতলা ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব।
শনিবার তাদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে ঢাকার সিএমএম আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হয়।
আসামিদের কাছ থেকে বিভিন্ন ধরনের ‘রাষ্ট্রবিরোধী’ লিফলেট পাওয়া যায় বলে রিমান্ড আবেদন উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, জুন ০৯, ২০১২
এমআই/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর