খুলনা: খুলনা মহানগরীর খালিশপুর ও সোনাডাঙ্গা থানায় বিএনপির ২৭৫ নেতাকর্মীর নামে মামলা করেছে দুই বেবিট্যাক্সি মালিক।
মঙ্গলবারের হরতালে গাড়ি ভাংচুর করার অভিযোগে রাতে এসব মামলা দায়ের করা হয়।
হরতালে খালিশপুর থানায় বেবিট্যাক্সি মালিক হাসান খলিফা এবং সোনাডাঙ্গা থানায় মো. বাবু বাদী হয়ে এ দুটি মামলা দায়ের করেন।
রাত সাড়ে ১০টায় খালিশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বাংলানিউজকে জানান, হরতালে নগরীর বৈকালী আবু নাসের স্টেডিয়ামের সামনে বেবিট্যাক্সি ভাঙচুরের ঘটনায় হাসান খলিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
মামলায় বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য কাজী সেকেন্দার আলী ডালিম, খালিশপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান মিঠু, টিটু গাজী, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শেখ সাদীসহ ৫০ জনকে অজ্ঞাত করে এ মামলা দায়ের করা হয়েছে।
সোনাডাঙ্গা থানায় দায়েরকৃত মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আলমগীর কবির বাংলানিউজকে জানান, হরতালে নগরীর আলীশান মোড়ে মো. বাবু নামের এক ব্যক্তির ইজিবাইক ভাঙচুর করে বিএনপি নেতাকর্মীরা।
এ ঘটনায় রাতে ওই ইজিবাইকের চালক মো. বাবু বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় ১৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২১০ জন বিএনপি নেতাকে আসামী করে মামলা দায়ের করেন।
মামলার উল্লেখযোগ্য আসামীরা হলেন- সোনাডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, দপ্তর সম্পাদক মো. বায়েজিদ হোসেন, প্রচার সম্পাদক সুমন, থানা যুবদলের সভাপতি মাহাবুব হোসেন পিয়ারু ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহাগ।
বাংলাদেশ সময় : ০৩০১ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১২
এমআরএম/সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর