 |
শহরের একটা সুন্দরী প্রতিযোগিতা। সুন্দরীদের বাছাই করার শর্ত এমন- তারা প্রত্যেকে শারিরীক সৌন্দর্যের প্রমাণ দেবেন। সেই অনুযায়ী দশজন সুন্দরী একে একে নিজেদের সেরা প্রমাণ করার প্রতিযোগিতায় নেমে পড়েন। এই সৌন্দর্য প্রতিযোগিতায় অপেক্ষাকৃত শ্যামলা বর্ণের একটি মেয়ে বিজয়ী হলে গোটা শহরে তোলপাড় শুরু হয়।
মেয়েটিকে ঘিরে ক্রমাগত প্রশ্ন তৈরি হতে থাকে। আয়োজক প্রতিষ্ঠানটি এরই মাঝে তাকে নিয়ে তাদের নতুন ত্বক ফর্সাকারী ক্রিমের বিজ্ঞাপনী প্রচারণায় নেমে যায়। যাদুর মতো তারা মেয়েটিকে ফর্সা করে তোলে।
শহরের নারীরা হুমড়ি খেয়ে পড়েন পণ্যটি কেনার জন্য। তারা স্বপ্ন দেখেন, টেলিভিশন পর্দায় দেখা মডেলের মতো তারাও ফর্সা হয়ে উঠবেন। তাদের চেষ্টা বিফল হয়। একদিন মডেলকে সামনাসামনি দেখে এক নারী বলে ওঠেন- “মডেল আফা, এমন কিছু কইরেন যাতে আপনারে সবসময় একই রকম লাগে”। থমকে যান মডেলকন্যা।
তিনি নতুন কোনো পথের খোঁজ করতে চান, যেখানে তিনি স্বরূপে থাকবেন। তিনি সাময়িকভাবে এই জগত থেকে বিরতি নেন নতুন কোনো কনসেপ্ট আবিষ্কারের অপেক্ষায়। এভাবে গল্পটি এগুতে থাকে। মাহমুদ দিদারের গল্প, আশিকুর রহমানের পাণ্ডুলিপি এবং পরিচালনায় নির্মিত হয়েছে নাটক ‘মডেল’।
এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা, মনির খান শিমুল, শতাব্দী ওয়াদুদ, দিহান, আইরিন, হৃদি, ফারুক আহমেদ, নাবিলা, সন্ধিসহ আরো অনেকে।
আসন্ন ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে নাটকটি।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১২
এজে