 |
ঢাকা: সরকারের দুঃশাসন ও দুর্নীতির প্রতিবাদে বিএনপিসহ ১৮ দলীয় জোটের উদ্যোগে রোববার ঢাকাসহ সারা দেশে জেলা ও বিভাগীয় সদরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। তাদের পূর্বনির্ধারিত কর্মসূচি হিসেবেই এই বিক্ষোভ সমাবেশ হতে যাচ্ছে।
‘সরকারের দুর্নীতি, দুঃশাসন ও সর্বক্ষেত্রে দলীয়করণের প্রতিবাদ’ হিসেবে এই কর্মসূচি দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
ঢাকায় এই বিক্ষোভ সমাবেশ বেলা তিনটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। এতে বিএনপি ও তাদের সব অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ১৮ দলীয় জোট নেতাকর্মীদের অংশ নেওয়ার কথা রয়েছে।
গত ১৭ এপ্রিল রাজধানীর বনানী থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী নিখোঁজ হয়। তার সন্ধান দাবিতে ছয় কার্যদিবস হরতাল পালন করে বিরোধী দল।
হরতালে গাড়ি পোড়ানো ও ভাঙচুরের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৪৫ নেতার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। পরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে নেতাদের জামিন আবেদন করলে তা নামঞ্জুর হয়। আদালত নেতাদের কারাগারে পাঠানোর নিদের্শ দেন। পরে আরেকবার শুনানি হলেও আদালত জামিন নামঞ্জুর করেন।
বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে ২২ থেকে ২৪ এপ্রিল, ২৯-৩০ এপ্রিল ও ১৭ মে মোট ছয় কর্মদিবস হরতাল পালন বিরোধী দল।
এছাড়া গত ২০ মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, ১৮ দলীয় জোটের নেতাদের মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি ও ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে দিনব্যাপী গণঅনশন পালন করা হয়। এতে নেতৃত্ব দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, মে ২৬, ২০১২
এসকেএস/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর