ঢাকা: গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন সামান্য বাড়লেও কমেছে সূচক। তবে মোট ৫ কার্যদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ২৮৪টি কোম্পানির মধ্যে দাম কমেছে ২৩১টি কোম্পানির শেয়ারের।
সপ্তাহ জুড়ে শীর্ষ দাম পতনের মধ্যে লাইফ ইন্স্যুরেন্স খাতের প্রাধ্যান্য ছিল। গত সপ্তাহে দাম পতনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৪টিই হলো লাইফ ইন্স্যুরেন্স।
এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ারের দাম। গত সপ্তাহের এ কোম্পানির শেয়ারের দাম কমেছে ২৪ দশমিক ৫৬ শতাংশ।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, গত সপ্তাহের মোট ৫ কার্যদিবসে এ কোম্পানির লেনদেন হয়েছে ২২ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার। যার দৈনিক গড় দাঁড়ায় ৪৪ লাখ ৬৮ হাজার টাকা।
ওয়েবসাইট থেকে আরও জানা যায়, ২০০৬ সালে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ারের ফেস ভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ৫০০টিতে।
এছাড়া গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বাজার মূলধন ছিল ৯০ কোটি ৫৫ লাখ ২০ হাজার টাকা, অনুমোদিত মূলধন ২০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৯ কোটি ২০ লাখ টাকা।
বাজারে এ কোম্পানির মোট ৯২ লাখ ৪০ হাজার শেয়ার রয়েছে। যার মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৪২ দশমিক ৫০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩১ দশমিক ১০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৬ দশমিক ৪০ শতাংশ শেয়ার রয়েছে।
উল্লেখ্য, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১১তে সমাপ্ত অর্থবছরের আর্থিক হিসাব পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১৮ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে।
অন্যদিকে, গত সপ্তাহে দাম কমার ভিত্তিতে ডিএসইর শীর্ষ ১০ কোম্পানি হলো- প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ২৪ দশমিক ৫৬ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ২৪ দশমিক ৪১ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ১৬ দশমিক ৭০ শতাংশ, আমরা টেকনোলজি ১৪ দশমিক ২৯ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ১৩ দশমিক ৫৮ শতাংশ।
অন্যগুলো হলো- মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ১৩ দশমিক ৫২ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকস ১৩ দশমিক ৩৩ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যার ১২ দশমিক ৫০ শতাংশ, মুন্নু স্টাফলারস ১১ দশমিক ৯৪ শতাংশ এবং ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক ১১ দশমিক ৯২ শতাংশ।
বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর