 |
| ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
পার্বতীপুর(দিনাজপুর): চাঁদার টাকা না পেয়ে দিনাজপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের পার্বতীপুর শাখার সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদককে “সন্ত্রাসীরা” লাঞ্ছিত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার দুপুরে সাধারণ সম্পাদক ফজলুল হক ভূঁইয়া ও যুগ্ম সম্পাদক সারোয়ার হোসেনকে লাঞ্ছিতের প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে দিনাজপুর জেলা ট্যাংকলরি মালিক সমিতি ও পার্বতীপুর ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন যৌথভাবে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে।
সোমবার দুপুর ২টার দিকে পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের চার রাস্তা মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা ট্যাংকলরি মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক মো. রওশন আলী সরকার, দিনাজপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের পার্বতীপুর ট্যাংকলরি শাখার সভাপতি মো. মঞ্জুরুল আলম প্রমুখ।
সমাবেশে বক্তারা মঙ্গলবারের (১৯ ফেব্রুয়ারি) মধ্যে শুভ্র, ফিজার, কমল, বাবলু, বাদল কাজিসহ অন্যান্য সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে বুধবার থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন।
এরআগে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) একটি স্মারকলিপি দেয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, রোববার রাত ১১টার দিকে শহরের সাব-রেজিস্ট্রি অফিসের সামনে শহরের চিহ্নিত সন্ত্রাসী খুনসহ একাধিক মামলার আসামি শুভ্র, ফিজার, কমল, বাবলু, বাদল কাজিসহ একদল সন্ত্রাসী দিনাজপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের পার্বতীপুর ট্যাংকলরি শাখার সাধারণ সম্পাদক ফজলুল হক ভূঁইয়া ও যুগ্ম সম্পাদক মো. সারোয়ার হোসেনের পথরোধ করে চাঁদা দাবি করে। এসময় টাকা না পেয়ে সন্ত্রাসীরা তাদেরকে শারিরীক ভাবে লাঞ্ছিত করে।
আরও উল্লেখ করা হয়, মঙ্গলবারের মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে বুধবার থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে।
পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেনুল ইসলামের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিল্লুর রহমান স্মারকলিপি পাওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বাংলানিউজকে জানান, শুভ্র ও ফিজারের নামে থানায় চাঁদাবাজি, খুনসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর