চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার উত্তর কুলগাও এলাকায় জায়গা নিয়ে বিরোধের জের ধরে শনিবার দুপুরে দু`পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে কমপক্ষে ৫ জন আহত হয়েছে।
স্থানীয় ছাত্রলীগের দু`গ্রুপ এ সংঘর্ষে নেতৃত্ব দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ জানিয়েছে, স্থানীয় জাহাঙ্গীর ও কামাল গ্রুপের লোকজনের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
নগরীর বায়েজিদ থানার ওসি (তদন্ত) নাসির উদ্দিন বাংলানিউজকে জানান, উত্তর কুলগাও এলাকায় ১১ শতক জায়গা নিয়ে জাহাঙ্গীর ও কামাল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
এর জের ধরে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ওই এলাকায় উভয়গ্রুপের মধ্যে প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়া এবং পরে মারামারির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
মারামারির সময় মাথায় ইটের টুকরা লেগে উভয় গ্রুপের কমপক্ষে ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।
তবে স্থানীয় সূত্রে এসময় গোলাগুলির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেলেও পুলিশ তা অস্বীকার করেছে।
নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার মাহবুব মোর্শেদ বাংলানিউজকে বলেন, `পুলিশ যাবার আগ পর্যন্ত বেশি উত্তেজনা ছিল। আমরা যাবার পর পরিস্থিতি শান্ত হয়েছে।`
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, কেউ থানায় মামলা করতে আসলে অবশ্যই মামলা নেয়া হবে।
বাংলাদেশ সময় : ১৪ ২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১২
আরডিজি, সম্পাদনা : তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর