 |
দর্শক ভোটের মাধ্যমে সেরা সংগীতশিল্পী নির্বাচনে বিশ্বজোড়া শ্রেষ্ঠ ও সফলতম টিভি রিয়ালিটি শো ‘আইডল’। ডেল্টা বে এবং এসএ টিভি যৌথভাবে প্রথমবারের মতো এ দেশে আন্তর্জাতিক মান সম্পন্ন এই রিয়ালিটি শো’র বাংলাদেশি সংস্করণ এর আয়োজন করেছে।
‘বাংলাদেশি আইডল’ এ অংশ নিতে আগ্রহী প্রতিযোগীদের নাম নিবন্ধন শুরু হচ্ছে ৭ ফেব্রুয়ারি থেকে। আয়োজক প্রতিষ্ঠান ডেল্টা বে সূত্রে জানা যায়, ১৮ থেকে ২৮ বছর বয়সী যে কোন বাংলাদেশি নাম নিবন্ধন করতে পারবেন। ৭ ফেব্রুয়ারি থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে এসএমএস, আইভিআর (ফোনকল) এবং নির্দিষ্ট ফর্মের মাধ্যমে নিবন্ধন করা যাবে।
নাম নিবন্ধনের জন্য কল করতে হবে ৩৬৯০ নম্বরে। আর এসএমএস করতে হলে STARTIDOLLOCATIONGENDERAGE লিখে পাঠাতে হবে ৩৬৯০ নম্বর এ। এদিকে এসএমএস-এর মাধ্যমে নিবন্ধনের জন্য নয়টি বিভাগের কোড সমূহ ঢাকা- DHK, সিলেট- SYL, চট্টগ্রাম- CTG, রাজশাহী- RJH, খুলনা- KHU, রংপুর- RNG, বরিশাল- BAR, ময়মনসিংহ- MYM, রাঙামাটি- RAN। বাংলাদেশের যে কোনো জেলার নাগরিক উপরোক্ত যে কোনো বিভাগ থেকে নাম নিবন্ধন করতে পারবেন, তবে শুধুমাত্র একবারের জন্যে।
উল্লেখ্য, এই রিয়ালিটি শোতে প্রধান বিচারক হিসেবে থাকছেন সংগীতের জীবন্ত কিংবদন্তী ফেরদৌসী রহমান, প্লে-ব্যাক আইডল এন্ড্রু কিশোর, গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চু এবং পপ তারকা মেহরীন।
বাংলাদেশ সময় : ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৩
জিআর