 |
তরুণ কবির মৃত্যুতে
ভেঙ্গে যাওয়া বুকের পাঁজর—
আমরা কুড়িয়ে নিবো পাথরের বদলে।
আমাদের শোকসন্তপ্ত মন,
কাগজের প্লেন বাতাসে
ওড়াতে থাকবে—
রাস্তায় হেঁটে কবিতা
লিখবার মতো করে।
আর আমরা স্মৃতিভ্রষ্ট হয়ে যাবো, ভুলে যাবো—
আমাদের ছিল পরিবার, সমাজ কিংবা রাষ্ট্র।
অভিমানে নুয়ে পড়বে কাশবন।
মেঘ হয়ে যাবে স্থির।
বাতাসের প্রয়োজনীয়তা ভুলে
নিজেদের আবিষ্কার করবো
জমাটবাঁধা অন্ধকার কামরায়।
আবার ফিরে আসবো বলে,
আমরা গোপন সুড়ঙ্গের মুখে
প্রার্থনায় নত হবো— এভাবে হয়তো
প্রজাপতির জীবন হবে আমাদের উত্তর প্রজন্ম।
অপেক্ষাকে স্মরণীয় করে তুলবো বলে
শহরের প্রতিটি রাস্তার মোড়ে ঝুলবে— কবিতা।
কবি ও কবিতায় ভরে উঠবে শহর।
আর আমরা গাইতে থাকবো গান—
আয়ুর হিসেবে বাঁচে না মানুষ,
মানুষ বেঁচে থাকে স্মৃতির জলসায়।
অন্ধ কবিতার খসড়া
পায়ের পাঁয়তারা ভেবে
কেউ কিছু বলেনি গোপন, তবু নদীপথে
মানুষ চলে যায়, অলিখিত নোঙর বেঁধে রাখে
কবিতার মাঝ বরাবর
দুর্ভিক্ষের কাছ থেকে ক্ষুধা ধার করে মগ্ন সাধক;
আমাদের পূর্বপুরুষগণ জমিনের বুকে বীর্য
করেছে রোপণ— তারপর
মানুষ মানুষের শরীরে পেয়েছিল কাদা মাটির ঘ্রাণ—
শিমুল তুলার মতো ভাসমান অস্তিত্বের লেবাস।
লাটিমের গোল পিঠ দেখে যারা হাঁটতে শিখেছে
পৃথিবী তাদের দিয়েছে ঘুরতে থাকা অজস্র কথার
লিফলেট। যেন তারা বিকেল ফাঁকি দিয়ে পৌঁছে যায়
রাতের গোলাঘরে, অস্ত্রোপচারের টেবিলে।
প্রচারবিমুখ বাতাস তবু মানুষের মতোই
কুড়িয়ে নেয় মৃত্যু সংবাদ ও বিড়ালের মৃতদেহ।
পাশের বাসার হিন্দু ভাড়াটিয়া
চোখ বুজে আসে ঘুমে। হাতে ধরা কলম। কলমে আজ কবিতা নেই। কবিতা পাশের বাসায় থাকে। রাত-দিন হিন্দি সিরিয়াল দেখে। আমি বারান্দায় যাই। কবিতা রিমোট হাতে চ্যানেল পাল্টায়। সেই সাথে আমিও পাল্টে যাই— নানা হৃপে চলমান থাকে আমার রঙ বদল। কবিতা হাসে— কবিতা হাসতে থাকে। কবিতার গাল ভরতি হাসি দেখে আমি সিগারেট ধরাতে ভুলে যাই। কবিতা তখন চিরুণী হাতে চুল আঁচড়ায়। আমার ভারি লোভ জাগে। কবিতা হাসে— কবিতা হাসতে থাকে। কবিতাকে ডাকি। কবিতা আসে না। অভিমানে দরজা আটকে বসে আছে কবিতা বাথরুমে। কল ছেড়ে পানির শব্দ শুনে। কবিতাকে ডাকি। কবিতা শোনে না। নাম্বার জানি না। তবু এসএমএস পাঠাই। কবিতা রিপ্লাই দেয় না। আমার অপেক্ষা বাড়তে থাকে। আমি সিগারেট না ধরিয়ে ফিরে আসি। ঘুমাতে যাই। ঘুম আসে না। আমি অপেক্ষায় থকি ঘুম ও কবিতার।
কবিতা, আমার পাশের বাসার হিন্দু ভাড়াটিয়া।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ২৪ সেপ্টেম্বর, ২০১২