রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে নাছিমা বেগম (৩২) নামে এক পোশাক শ্রমিককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে ঘাতক স্বামী মনির হোসেন পলাতক।
নিহত নাছিমা বেগম মানিকগঞ্জের হরিরামপুর থানার কচুয়ার তোফাজ্জল হোসেনের মেয়ে। তিনি স্থানীয় রবিটেক্স নামে একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার সকালে উপজেলার উত্তর ভুলতা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুলতা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সেলিম মিয়া বাংলানিউজকে জানান, উপজেলার উত্তর ভুলতা এলাকার কাশেম মোল্লার বাড়িতে ভাড়া থাকতেন নাছিমা বেগম ও তার স্বামী মনির হোসেন। প্রায়ই তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার হতো।
মঙ্গলবার সকালে ফের তাদের মধ্যে ঝগড়া হলে এক পর্যায়ে নাছিমা বেগমকে শ্বাসরোধে হত্যা করে স্বামী মনির হোসেন পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
এসআই সেলিম মিয়া আরও জানান, এ ঘটনায় কাশেম মোল্লার বাড়ির কেয়ারটেকার মইনুদ্দিন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বাংলাদেশ সময় : ১৬৫৬ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর