 |
ঢাকা : ভারতীয় নির্মাতা প্রতিষ্ঠান অশোক লে-ল্যান্ড থেকে ৮৮টি একতলা শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস ক্রয়সহ মোট ৫টি দরপত্র প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব দরপত্র অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রী পরিষদ বিভাগের উপ-সচিব আলী হোসেন সাংবাদিকদের জানান, ভারতীয় ১শ’ কোটি ডলার ঋণের আওতায় এসব বাস আমদানি করা হবে। এতে মোট ব্যয় হবে ৬০ লাখ ৯৮ হাজার ৫৮০ ডলার।
অনুমোদিত অন্যান্য দরপত্রের মধ্যে রয়েছে - ঢাকার যানজট নিরসনে ‘মগবাজার-মৌচাক ফ্লাইওভার নির্মাণ প্রকল্পে’র নকশা পর্যালোচনা ও তদারকির জন্য পরামর্শক নিয়োগ, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবস্থিত ‘তৃতীয় কর্ণফুলী সেতু’র টোল আদায়ের জন্য অপারেটর (পরিচালনাকারী) প্রতিষ্ঠান নিয়োগ, সরকারি পর্যায়ে ‘টার্নকি’ ভিত্তিতে টেন্ডারার্স ফাইন্যান্সিংয়ের মাধ্যমে ৩০০ থেকে ৪৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্যাস ভিত্তিক কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্পের দরপত্র অনুমোদন এবং ২০১২-১৩ অর্থবছরের জন্য সরকারি পর্যায়ে ৩ লাখ ৯০ হাজার মেট্রিক টন এমওপি সার ক্রয়ের দরপত্র অনুমোদন।
আলী হোসেন জানান, এরমধ্যে ‘মগবাজার-মৌচাক ফ্লাইওভার নির্মাণ প্রকল্পে’র নকশা পর্যালোচনা ও তদারকির জন্য পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে ‘এসএমইসি ইন অ্যাসোসিয়েশন উইথ এসিই কনসালট্যান্টস লিমিটেড’-কে। এ কাজের জন্য ১৩ কোটি ২৫ লাখ ৫৬ হাজার টাকা ব্যয় হবে।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবস্থিত ‘তৃতীয় কর্ণফুলী সেতু’র টোল আদায়ের জন্য অপারেটর (পরিচালনাকারী) প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে যৌথ বিনিয়োগকারী প্রতিষ্ঠান জিএসআইসি-স্যাল-জেবি। ৫ বছরের জন্য এ কাজ করতে প্রতিষ্ঠানটি সরকারকে ১২ কোটি ৫২ লাখ ১০ হাজার টাকা দেবে।
সরকারি পর্যায়ে ‘টার্নকি’ ভিত্তিতে টেন্ডারার্স ফাইন্যান্সিং মাধ্যমে বিনিয়ানায় ৩০০ থেকে ৪৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্যাস ভিত্তিক কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্পের কাজ পেয়েছে যৌথভাবে ‘মারুবিনি কর্পোরেশন’ এবং ‘হুন্দাই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড’। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৯২৩ কোটি ২৭ লাখ টাকা।
আগামী ২০১২-১৩ অর্থবছরের জন্য সরকারি পর্যায়ে ৩ লাখ ৯০ হাজার মেট্রিক টন এমওপি সার ক্রয়ের দরপত্র অনুমোদন প্রসঙ্গে আলী হোসেন জানান, ৩০ হাজার মেট্রিক টন করে ১৩টি লটে ভারতীয় বেলারুশিয়ান পটাশ কোম্পানি থেকে এ সার ক্রয় করা হবে। এর জন্য মোট ব্যয় হবে ১ হাজার ৮৭৮ কোটি ৮০ লাখ টাকা।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, মে ২৮, ২০১২
এসআর/সম্পাদনা: নূরনবী সদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর