ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় শনিবার বেলা ১২টার দিকে একটি ব্রিক ফিল্ডের মালিকানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
এলাকাবাসী এবং পুলিশ সূত্র জানায়, ওই এলাকার ফাইভ স্টার ব্রিকফিল্ডের মালিকানা নিয়ে মোবারক মিয়া ও কাসেম মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুরে উভয়পক্ষের লোকজন দেশিয় অস্ত্র-সস্ত্র নিয়ে ব্রিকফিল্ডটি দখলে নামে। প্রায় ঘণ্টাব্যাপি সংঘর্ষে উভয়পক্ষের ২৫ জন আহত হয়।
আহতরা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে এদের মধ্যে গুরুতর আহত ১ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বাংলানিউজকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো পক্ষই মামলা করেনি বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ০৬৫৪ ঘণ্টা, মে ১৩, ২০১২
প্রতিবেদন: সমীর চক্রবর্তী
সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর