ভোলা: ট্রান্সমিটার বিকল হওয়ায় ২৬ দিন ধরে বিদ্যুৎ নেই ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামে। ফলে ওই গ্রামের দুই শতাধিক গ্রাহক বিদ্যুতবিহীন দিন কাটাচ্ছে।
রমজান মাসে বিদ্যুত না থাকায় জনমনে চরম ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী জানায়, টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের ১০০ কেভি ট্রান্সফরমারটি গত ৩ জুলাই যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে যায়।
বিষয়টি এলাকাবাসী বার বার বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানালেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফলে মুসল্লি ও স্কুল কলেজের শিক্ষার্থীরা বিড়ম্বনার শিকার হচ্ছে।
স্থানীয় গ্রাহক জুয়েল জানান, এলাকায় টানা ২৬ দিন বিদ্যুৎ না থাকায় রমজান মাসে তাদের ভোগান্তি অনেক বেড়েছে। শিক্ষার্থীদের পড়াশুনা ও মুসল্লিদের তারাবি নামাজ পড়া কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এ রকম ভোগান্তিতে তারা ক্ষুব্ধ হয়ে উঠছে।
অপর গ্রাহক মামুন সাংবাদিকদের জানান, বিদুৎ না থাকায় জনজীবন অতিষ্ঠ হয়ে পরলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না।
এ ব্যাপারে বোরহানউদ্দিনের আবাসিক প্রকৌশলী ফিরোজ হোসেন বলেন, ট্রান্সমিটার চাহিদার কথা উল্লেখ করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। আশা করছি খুব শিগগির নতুন ট্রান্সমিটার বসিয়ে বিদ্যুৎ সরবরাহ করা যাবে।
এদিকে, অবলম্বে বিদ্যুৎ না পেলে গ্রাহকরা আন্দোলনে যাবেন বলে হুশিয়ারি উচ্চারন করেছেন।
বাংলাদেশ সময়: ০০৪৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০১২
সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর