খুলনা: খুলনার ফুলতলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সুজিত সাহা (৪৭) ৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এতে তার পরিবারের মধ্যে শঙ্কা বিরাজ করছে।
এ ঘটনায় সুজিতের শ্যালক অনিমেশ দাস ফুলতলা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল ৬টায় ব্যবসার বকেয়া টাকা আদায়ের কথা বলে ফুলতলার জামিরা রোডের বাসা থেকে বের হন সুজিত।
ওই দিন সকাল ১১টায় তিনি মোবাইল ফোনে তার স্ত্রীকে জানান, দুই জায়গার বকেয়া টাকা আদায় করে পরে দোকানে ফিরবেন তিনি। এরপর থেকে তার কোনো সন্ধান মেলেনি। এদিকে, সুজিতের মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।
এ ব্যাপারে ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস ফকির বাংলানিউজকে জানান, নিখোঁজ সুজিতকে সন্ধানের জোর প্রচেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, জুলাই ০১, ২০১২
সম্পাদনা: কাজল কেয়া/শিমুল সুলতানা, নিউজরুম এডিটর