 |
চট্টগ্রাম: মস্কোর ট্রেটিয়াকভ গ্যালারিতে বিশ্বকাপ দাবা চ্যাম্পিয়নশিপের পর পর ছয়টি ম্যাচ ড্র। সবার মধ্যে কেমন জানি বিরক্তি ধরে গিয়েছিলো। সপ্তম ম্যাচে দারুণ আঘাত হানলেন ইসরায়েলি সুপার গ্র্যান্ডমাস্টার বরিস গ্যালফান্ড। হারিয়ে দিলেন ভারতের টাইগার বর্তমান বিশ্বসেরা বিশ্বনাথন আনন্দকে।
শিরোপা যেন হাতের মুঠোয় চলে এলো। কারণ সামনের পাঁচটি ম্যাচের সবকয়টিতে ড্র করতে পারলে গ্যালফান্ডই পরবেন বিশ্বচ্যাম্পিয়নের মুকুট। কিন্তু সে আনন্দ বেশি দূর স্থায়ী হতে দিলেন না বিশ্বনাথন। ২২ মে অনুষ্ঠিত ৮ম রাউন্ডের ম্যাচে তীব্র আক্রমণাত্মক খেলে সতের চালে বধ করলেন বরিস গ্যালফান্ডকে। এ যেন বিশ্বকাপের ছেলেখেলা।
মন্ত্রী চালতে গিয়ে ১৪তম চালে মারাত্মক ভুলটি করে বসলেন গ্যালফান্ড। তখন আনন্দকে আর পায় কে! তিন চাল পরেই আগের ম্যাচের পরাজয়ের মধুর প্রতিশোধ নিলেন। সাদা নিয়ে মন্ত্রীর সামনের পন দুই ঘর বাড়িয়ে খেলা শুরু করেছিলেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। মঙ্গলবার ছিলো খেলার বিশ্রাম দিবস। দাবা বিশ্ব এখন তাকিয়ে আছে বুধবারের ৯ম রাউন্ডের খেলার দিকে।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, মে ২৩, ২০১২
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর/সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস