 |
ঢাকা: পদ্মাসেতু নির্মাণের ব্যাপারে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন, “পদ্মাসেতু হবেই হবে। যেভাবেই হোক আমরা এটা নির্মাণ করবো।”
পদ্মাসেতু নির্মাণের ব্যাপারে বৃহস্পতিবার এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আশ্বাসের পরই তিনি এমন দৃঢ়তা দেখালেন।
বৃহস্পতিবার দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে পদ্মাসেতু প্রসঙ্গে তিনি সাংবাদিকদের একথা বলেন।
মুহিত বলেন, “আজ সকালে এডিবি একটি ভালো সংবাদ দিয়েছে। আমি খুব খুশি।”
প্রসঙ্গক্রমে তিনি বলেন, “পদ্মাসেতু প্রকল্পে এডিবি, জাইকা, বিশ্বব্যাংক ও আইডিবি এখনও আমাদের সঙ্গেই আছে। তবে এর একটি সুরাহা করা দরকার। বিষয়টি নিয়ে এখন নেগোসিয়েশন চলছে। এটা নিয়ে আমি এখন আর বেশি কিছু বলতে চাই না।”
উল্লেখ্য, বৃহস্পতিবার এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বলেছে, বাংলাদেশে পদ্মাসেতু হবেই।
এডিবি’র দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক হুয়ান মিরান্দা বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করে এ কথা বলেন।
বৈঠকের পর সাংবাদিকদের কাছেও হুয়ান বলেন, “পদ্মাসেতু হবেই।”
অর্থমন্ত্রী বলেন, “আমরা এখন আলোচনার একটি স্পর্শকাতর পর্যায়ে রয়েছি। এ অবস্থায় প্রতিদিন কী হচ্ছে সেটা নিয়ে আলোচনা করা উচিত নয়। তবে আমি সব সময়েই এডিবি ও জাইকার সমর্থন চেয়েছি।”
জাইকার অবস্থান সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, “সেটা তাদেরই জিজ্ঞাসা করেন। আমি কেন এ বিষয়ে আগে বলবো?” তবে আগামীকালের (শুক্রবার) মধ্যে জাইকার মনোভাবও জানা যাবে, বলে মন্তব্য করেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার শেষ পর্যায়ে অর্থমন্ত্রী বলেন, “কথা বলবো না বললেও আমিই আপনাদের সঙ্গে সবচেয়ে বেশি কথা বলি। সরকারের অন্য কেউ আমার মতো এতো কথা বলে না। তবে আমি অবশ্য টকশো করি না। কিন্তু আপনাদের সাথে প্রতিদিনই টকশো হয়ে যায়’ বলে হাসতে থাকেন অর্থমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১২
এসআর/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর;
জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com