 |
চট্টগ্রাম: সরকারের সাফল্য তুলে ধরে বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘ইন্টারন্যাশনাল ফুড রিসার্চ সেন্টারের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বে চালের দাম সর্বনিম্ন বাংলাদেশে।’
তিনি বলেন, ‘১৯৯৯ সালে আমাদের খাদ্যঘাটতির পরিমাণ ছিল ৪০ লাখ মেট্রিক টন। এ বছর চাল আমদানি করতে হয়নি, শুধু ৬ লাখ মেট্রিক টন গম আমদানি করতে হয়েছে। আগামী বছর দেশ খাদ্যে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ হবে।’
শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে খান বাহাদুর বদি আহমদ চৌধুরী স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
সমৃদ্ধ দেশ গঠন করতে হলে প্রত্যেক মানুষকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘আমাদের দেশাত্মবোধ ও মূল্যবোধের সমন্বয়ের মধ্যে ঘাটতি রয়েছে। এ দুটির সমন্বয় ঘটাতে পারলে একটি অপ্রতিরোধ্য জাতি গঠন সম্ভব।’
তিনি আরো বলেন, ‘সমাজের মানুষ এখন আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে। লোপ পাচ্ছে মূল্যবোধ ও মানবিকতা। এ সংকট থেকে উত্তরণের জন্য কীর্তিমানদের দেখানো পথেই এগিয়ে যেতে হবে।’
বাঙালির মেধা প্রসঙ্গে তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের মরুভূমিতে সবুজের শ্যামলিমা সৃষ্টিতে অবদান রেখেছেন বাঙালিরা। শুধু তাই নয়, ইউরোপ-আমেরিকাসহ অনেক দেশেই আমাদের সন্তানেরা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।’
বদি আহমদ চৌধুরী প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘তিনি বিদগ্ধ ব্যক্তিত্ব ও জনহিতকর রাজনীতিক ছিলেন। সামন্তপ্রভুরা যখন তৎকালীন সময়ে রাজনীতি দখল করেছিল, তখনো তিনি সাধারণ মানুষের পক্ষে কথা বলেছেন, তাদের কাছাকাছি ছিলেন। নিকট অতীতে যারা চট্টগ্রামের জন্য অবদান রেখে গেছেন তাদেরই অন্যতম বদি আহমদ চৌধুরী।’
এ সময় মন্ত্রী চট্টগ্রামের এমএ আজিজ, এমএ হান্নান, জহুর আহমদ চৌধুরীসহ নিবেদিতপ্রাণ রাজনীতিকদেরও স্মরণ করেন।
খান বাহাদুর বদি আহমদ চৌধুরী স্মৃতি সংসদের সভাপতি ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আমিরুল কবির চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. মোহাম্মদ আলী চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি শামসুদ্দিন মীর্জা, লেখিকা বেগম রুনু সিদ্দিকী ও বদি আহমদ চৌধুরীর ছেলে প্রাবন্ধিক আহমদুল ইসলাম চৌধুরী।
আমিরুল কবির চৌধুরী বলেন, বদি আহমদ চৌধুরী নিরলস শ্রম, অধ্যবসায় ও সাধনার বলেই স্মরণীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। দেশ ও জাতির উন্নয়নে বিশেষ করে চট্টগ্রামের উন্নয়নে তিনি আইনসভায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। দুর্ভিক্ষের সময় আইনসভায় জোরালো দাবি উত্থাপন করে চট্টগ্রামের জন্য বিশেষ চাল বরাদ্দ করতে পেরেছিলেন।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জুন ০২, ২০১২
এআরএম/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর