ঢাকা : জাতিসংঘের সাধারণ পরিষদে সাধারণ পর্যবেক্ষক থেকে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা পেতে ভোট গ্রহণ করছে ফিলিস্তিন।
বৃহস্পতিবার জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের প্রতি এক বিবৃতিতে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, যে ভোট গ্রহণ চলছে এটা ভ্যাটিক্যানের মতো পূর্ণ পর্যবেক্ষকেরই সম্মান নেয়ার চেষ্টা। তাছাড়া, এটা মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে অন্যতম সহায়ক হবে।
তবে বিশ্লেষকরা ফিলিস্তিনের এ আহবানকে জাতিসংঘের স্বাধীন ১৯৩ সদস্য রাষ্ট্রের কাতারে চলে আসার অন্যতম কৌশল হিসেবে দেখছেন। আর এ ক্ষেত্রে ফিলিস্তিনিরা সফল হবে, কারণ পূর্ণ পর্যবেক্ষক হওয়ার জন্য জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর কিছুটা বেশি সমর্থন থাকলেই চলবে।
তবে ফিলিস্তিনের এ আহবান প্রত্যাখ্যান করেছে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশ যুক্তরাজ্য।
ইসরায়েল বলেছে, এটা এ অঞ্চলের অস্থিতিশীলতা বাড়িয়ে দেবে। দু` অঞ্চলের মধ্যে সন্দেহপ্রবণ ভাব তৈরি করবে।
তবে ফিলিস্তিন এ ভোট গ্রহণকে দু’টি রাষ্ট্রের স্বাধীনতা সংরক্ষণে সর্বোচ্চ ভূমিকা রাখার চূড়ান্ত পদক্ষেপ হিসেবে দেখছে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ইউরোপীয় ইউনিয়নের ১২টিরও বেশি রাষ্ট্র ফিলিস্তিনের এ ভোট গ্রহণে “হ্যাঁ” ভোট দিবে বলে জানিয়েছে।
এছাড়া, ফিলিস্তিনের স্বাধীনতাবাদী সংগঠনের (পিএলও) মতে, জাতিসংঘের সদস্যভুক্ত ১৩০টি দেশ ইতোমধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
গত বছর জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার জন্য জাতিসংঘের সাধারণ পরিষদে বিল উত্থাপন করেছিলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। নিরাপত্তা পরিষদে ভেটো দিয়ে সে আহবান প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স।
বাংলাদেশ সময় : ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১২
সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর eic@banglanews24.com