 |
ঢাকা: পাতানো ম্যাচের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ১০ মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন সিরি ‘আ’র চ্যাম্পিয়ন জুভেন্টাস কোচ অ্যান্তনিও কন্তে।
৪৩ বছরের এই কোচ গত মৌসুমে দায়িত্ব নিয়ে জুভেন্টাসকে লিগ শিরোপা উপহার দেন। তার অধীনে লিগে একটি ম্যাচও হারেনি জুভে। পাতানো ম্যাচ নিয়ে তার সংশ্লিষ্টতার অভিযোগ বর্তমান লিগ চ্যাম্পিয়নদের নিয়ে নয়। ২০১০-১১ মৌসুমে কন্তের সাবেক ক্লাব সিয়েনার বিপক্ষে।
কন্তের বিপক্ষে অভিযোগ আনা হয়েছে তিনি সিয়েনার কথিত পাতানো ম্যাচ খেলার বিষয়টি রিপোর্ট করতে ব্যর্থ হয়েছেন।
মে’তে পুলিশি জেরার মুখে পাতানো ম্যাচে নিজের সংশ্লিষ্টতার বিষয়ে জোরালো ভাবে অস্বীকার করেন। তিনি নিজেদের পুরো নির্দোষিতার বিষয়টিও প্রমাণ করে ছাড়বেন বলে জানিয়েছিলেন।
আগস্টের শুরুতে সুর নরম করেন কন্তে এবং সিয়েনার বিষয়ে আত্মপক্ষ সমর্থন করে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)’র সঙ্গে সমঝোতার চেষ্টা করেন। তিনি তাকে তিন মাসের নিষেধাজ্ঞা ও ২ লাখ ইউরো জরিমানার সুপারিশ করেছিলেন বোর্ডকে। কিন্তু বোর্ড এই প্রস্তাব প্রত্যাখ্যান করে তাকে ১০ মাসের জন্য নিষিদ্ধ করে।
পুলিশ এর আগে জানিয়েছিলো ২০১১ সালে দ্বিতীয় বিভাগের দল সিয়েনা ও নভেরার মধ্যকার ম্যাচটিতে অসাধুতা ও প্রতারণার সঙ্গে জড়িত থাকার সন্দেহে কন্তেকে তদন্তের আওতায় আনা হয়েছে।
তবে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে গ্রোসেত্তো ও লেসে ক্লাবের বিপক্ষে। উভয় ক্লাবকে সেকেন্ড টায়ার সিরি ‘বি’ বিভাগ থেকে ২০১২-২০১৩ মৌসুমের জন্য বহিষ্কার করা হয়। এছাড়া উভয় দলের সভাপতিকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করে ফেডারেশন।
পাতানো ম্যাচের মুলোৎপাটনে মে’তে ব্যাপক পুলিশি অভিযান চালানো হয়। ওই অভিযানে সিরি ‘আ’, সিরি ‘বি’ এবং নিচু বিভাগগুলোর প্রায় ৩০ খেলোয়াড়, প্রশিক্ষক ও ক্লাব প্রশাসকদের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ।
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১২
এএইচবি
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর