ঢাকা: সীমানা, এই সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী। বিভিন্ন নাটকে অনেকের বিপরীতে অভিনয় করলেও জনপ্রিয় নাট্যাভিনেতা আজাদ আবুল কালামের সঙ্গে কখনোই এক সঙ্গে অভিনয়ের সুযোগ হয়ে উঠেনি তার। এবারই প্রথম ‘চীফ রিপোর্টার’ নাটকে আজাদের সঙ্গে অভিনয় করলেন সীমানা।
সাংবাদিক, গীতিকার ও নাট্যকার অনুরূপ আইচের রচনায় ও বিপ্লব হায়দারের নির্দেশনায় ‘চীফ রিপোর্টার’ নাটকে প্রধান প্রতিবেদকের চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম আর সীমানা অভিনয় করেছেন একজন মানসিক রোগীর চরিত্রে।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আজাদ আবুল কালাম বলেন, “ভালো ভালো খণ্ড নাটকে অভিনয়ের জন্য এখন ধারাবাহিক নাটকে খুব কম কাজ করি। অনুরূপের লেখা এই নাটকের গল্পটি খুব ভালো লেগেছে। মনোযোগ দিয়েই কাজটি করেছি। আশা করি দর্শকদের ভালো লাগবে।”
এই নাটকে প্রথমবারের মতো অভিনয় করেছেন সাংবাদিক আলী আফতাব। আরও অভিনয়ে আছেন আলোকচিত্রী তারেক আজিজ নিশক।
আবুল কালাম আজাদের সঙ্গে প্রথম অভিনয়েরর অভিজ্ঞতা জানাতে গিয়ে সীমানা বলেন, “পাভেল (আবুল কালাম আজাদ) ভাইয়ের সাথে এটা আমার প্রথম কাজ। তিনি খুব কোঅপারেটিভ একজন শিল্পী। আমি কাজটি করে তৃপ্ত।”
‘চীফ রিপোর্টার’ নাটকটি কোরবানির ঈদে স্যাটেলাইট চ্যানেল মাছরাঙ্গায় প্রচার হবে।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১২
এমকে/এমজেএ