 |
‘আরমান ভাই` চরিত্র দিয়ে এক রকম আলোচনায় আছেন অভিনেতা জাহিদ হাসান। তবে এবার তিনি নতুন এক রুপে হাজির হতে যাচ্ছেন টিভি পর্দায়। ‘কর্তা কাহিনী’ নামে এ অভিনেতার নতুন একটি ধারাবাহিক নাটক শুরু হতে যাচ্ছে বাংলাভিশনে।
৭ ফেব্রুয়ারি থেকে নাটকটি বাংলাভিশনে শুরু হবে। আর নাটকটি রচনা ও পরিচালনা করেছেন অরণ্য আনোয়ার। অরণ্য আনোয়রর বলেন ‘আমার নুরুল হুদা নাটকটি যেমন সকল শ্রেণীর দর্শকের পছন্দ হয়েছিল। এ নাটকটিও সকলের পছন্দ হবে। আর এ নাটকে আমরা জাহিদ হাসানকে একেবারেই নতুন রুপে হাজির করছি। এখানে আমরা জাহিদ হাসানকে কয়েকটি রুপে দেখতে পাবো। যা দর্শকের ভালো লাগবে।’
ঢাকা এবং কক্সবাজারের বিভিন্ন জায়গায় নাটকটির শুটিং হয়েছে। সিঙ্গাপুরেও নাটকটির শুটিং হবার কথা রয়েছে।
জাহিদ হাসান বলেন ‘এ কাজটি করে সত্যিই ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি নিজেকে নতুনভাবে এ নাটকে তুলে ধরতে।’
নাটকটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, সালাহ্উদ্দিন লাভলু, আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবু, রুমানা, শানারৈ দেবী শানু, আরফান আহমেদ, আলীরাজ, নাঈম, হাসান ফেরদৌস জুয়েল, জ্যোতিকা জ্যোতি, এলিন, আমিরুল হক চৌধুরী, গোলাম হাবিবুর রহমান মধু, নাফা, বৃষ্টি, সুমনা, শামীম ভিস্তি, লিটন, সোহরাব হিরো প্রমূখ।
নাটকটি বাংলাভিশনে প্রচার হবে প্রতি সপ্তাহে বৃহস্পতি থেকে শনিবার রাত ৯টা ৪৫মিনিটে।
বাংলাদেশ সময় : ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৩
জিআর