কক্সবাজার: কক্সবাজারের মহেশখালী উপজেলার ফকিরাঘোনা এলাকায় প্রতিপক্ষের হামলায় রোববার বিকেলে আবদুল জব্বার (৪০) নামে একজন নিহত হয়েছেন।
আবদুল জব্বার ফকিরাঘোনা গ্রামের গোলাম কুদ্দুসের ছেলে।
বাড়ির সীমানা বিরোধের জের ধরে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে স্থানীয়রা জানায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফকিরাঘোনা গ্রামের মমতাজ বেগমকে (৩৫) আটক করেছে পুলিশ।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়া বাংলানিউজকে জানান, বাড়ির সীমানা বিরোধের জের ধরে রোববার বিকেল ৩টার দিকে মহেশখালী উপজেলার ফকিরাঘোনা এলাকার সুলতান ও আবদুল জব্বারের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে সুলতানের নেতৃত্বে কয়েকজন লোক আবদুল জব্বারকে পিটিয়ে আহত করে। হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২৩২৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
সম্পাদনা: ফরহাদ খান/রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর