 |
ইয়ুথ জার্নালিজম ক্যাম্পের ৮ম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার জামালপুর জেলার পাথালিয়ায় আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে শুরু হয়েছে। রিলিফ ইন্টারন্যাশনাল আয়োজিত কর্মশালার প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের সিনিয়র অ্যাসিসট্যান্ট কমিশনার ফারাহ গুল নিঝুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক মো. আব্দুল বারেক।
‘মানবপাচার রোধ এবং প্রতারক চক্রের হাত থেকে নারী ও শিশুদের রক্ষার জন্য যুব সমাজের ভূমিকা অপরিসীম’ বিষয়টিকে সামনে রেখে জামালপুর জেলার তিনটি প্রকল্প উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের মানবপাচার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সংশ্লিষ্ট ক্ষেত্রে আইনি সহায়তা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার করে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রিলিফ ইন্টারন্যনাল বাংলাদেশ ইয়ুথ জার্নালিজম ক্যাম্পের নামে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় দু’দিনের এ কর্মশালা শুরু হয়েছে।
কর্মশালার প্রথম দিনে মানবপাচার, মানবাধিকার, যুব সমাজের ভূমিকা ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এসব বিষয়ে আলোচনা করেন রিলিফ ইন্টারন্যাশনাল বাংলাদেশের কর্মকর্তা ইথার নেওয়াজ, লাজিনা শারমিন, এসএম মামুনুর রশিদ এবং আব্দুল্লাহ-আল-মামুন। এছাড়া উপস্থিত ছিলেন প্রকল্পের সহযোগী সংস্থা ঢাকা আহছানিয়া মিশনের কর্মকর্তা মো. ছাদেকুর রহমান।
ইয়ুথ ক্যাম্পে জামালপুর জেলার তিনটি উপজেলা দেওয়ানগঞ্জ, মেলান্দহ এবং বকশীগঞ্জ এর ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩০ জন ছাত্র-ছাত্রী এবং ৬ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করছেন। অংশগ্রহণকারী স্কুলগুলো হচ্ছে মেলান্দহের হাজরাবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় ও আদ্রা আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়, দেওয়ানগঞ্জের জিল বাংলা সুগার মিলস উচ্চ বিদ্যালয় ও শাহাজাদপুর উচ্চ বিদ্যালয়, এবং বকশীগঞ্জের লাউচাপড়া উচ্চ বিদ্যালয় ও বাট্টাজোড় কেআরআই সিনিয়র ফাজিল মাদ্রাসা।
ক্যাম্পের দ্বিতীয় দিনে বুধবার মানবপাচার প্রতিরোধের লক্ষ্যে গণমাধ্যমের ভূমিকা এবং সাংবাদিকতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার যেমন কম্পিউটার, ইন্টারনেট, ই-মেইল, ব্লগিং, ডিজিটাল ফটোগ্রাফি, ভিডিও ইত্যাদি বিষয়ে ধারণা প্রদান করা হবে। তথ্যপ্রযুক্তি সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়ার পর নাগরিক সাংবাদিকতা বা সিটিজেন জার্নালিজম সম্পর্কে আলোচনা করা হবে।
এসব বিষয়ে আলোচনার জন্য উপস্থিত থাকবেন দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক জামিউল আহসান সিপু। তিনি সাংবাদিকতা বিষয়ক আলোচনার পাশাপাশি কিভাবে মানবপাচার ও মানবাধিকার সম্পর্কে রিপোর্ট করতে হয় এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে কিভাবে জনসচেতনতা তৈরি করতে হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন।
প্রসঙ্গত, রিলিফ ইন্টারন্যাশনাল এর আগে ৭টি ব্যাচে তিনটি প্রকল্প এলাকার প্রায় ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১৭৯ জন ছাত্র-ছাত্রীকে সাংবাদিকতা, মানবপাচার, মানবাধিকার, তথ্য প্রযুক্তি ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে।
বাংলাদেশ সময় : ১৫৩৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১২
সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর