ঢাকা: সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা থেকে হলমার্কসহ ৬টি প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় ৩ জনকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অর্থ আত্মসাৎকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম ডিএন স্পোর্টসের চেয়ারম্যান ও ২ পরিচালকের রোববার সকাল সাড়ে দশটা থেকে জিজ্ঞাসাবাদ চলছে।
দুপুর ১টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলবে বলে দুদক সূত্র জানা গেছে।
যাদের জিজ্ঞাসাবাদ চলছে তারা হলেন- ডিএন স্পোর্টসের চেয়ারম্যান মোতাহার উদ্দিন চৌধুরী, পরিচালক শফিকুর রহমান জন এবং ফাহমিদা আক্তার চৌধুরী শিখা।
সকাল ১০ টায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও পরিচালকদ্বয় সেগুনবাগিচা দুদকের প্রধান কার্যালয়ে আসেন। সাড়ে ১০টায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও পরিচালকরা দুদকের জিজ্ঞাসাবাদ কক্ষে অনুসন্ধান কর্মকর্তাদের মুখোমুখি হন।
দুদকের সিনিয়র উপ-পরিচালক মীর জয়নুল আবেদিন শিবলির নেতৃত্বে গঠিত ৬ সদস্যের উচ্চ পর্যায়ের একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করছেন।
কেন্দ্রীয় ব্যাংকের মতে, শুধু হলমার্ক গ্রুপই বিভিন্ন অনিয়মের মাধ্যমে প্রায় ২ হাজার ৬৮৬ কোটি টাকা তুলে নিয়েছে। এ ছাড়া টি অ্যান্ড ব্রাদার্স ৬০৯ কোটি, প্যারাগন ব্রাদার্স ১৪৬ কোটি, ডিএন স্পোর্টস ৩৩ কোটি, নকশী নিট ৬৬ কোটি ও খান জাহান আলী গ্রুপ ৫ কোটি টাকা আত্মসাৎ করেছে।
সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার অনিয়মের অনুসন্ধানের কাজ করছে দুদকের ৬ সদস্যের একটি বিশেষ অনুসন্ধানী দল। এ দলের প্রধান করা হয়েছে দুদকের উপ-পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীকে।
অনুসন্ধান দলের অন্য সদস্যরা হলেন- উপপরিচালক এসএমএম আকতার হামিদ ভূঁইয়া, সহকারী পরিচালক মোহাম্মদ মশিউর রহমান ও নাজমুস সাদাত এবং উপসহকারী পরিচালক মোহাম্মদ মজিবর রহমান ও মোহাম্মদ জয়নাল আবেদীন।
এদিকে ভয়াবহ এ জালিয়াতির অন্যতম হোতা হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ ও একই গ্রুপের চেয়ারম্যান তানভীরের স্ত্রী জেসমিন ইসলামকেও রোববার তলব করেছে দুদক।
সূত্র জানায়, এ দম্পতি দুপুর দেড়টার পর দুদকে আসতে পারেন।
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘন্টা, সেপ্টেম্বর ০২, ২০১২
এডিএ/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর